
বোধ করি এর আগে আর কখনোই একটা নাটকের মঞ্চায়নকে ঘিরে এতটা উত্তেজনা, এতটা আগ্রহ ঢাকার দর্শকদের মাঝে তৈরি হয়নি। নিজের চোখে দেখার সৌভাগ্য না হলেও ব্রডওয়ে কিংবা অফব্রডওয়ের নাটক যাঁরা দেখেছেন তাঁদের কাছ থেকে শুনেছি, সেখানে একটি নাটক দেখার জন্য কী রকম ধুন্ধুমার লেগে যায়, কত আগে থেকে টিকিট কেটে রাখতে হয়। অতটা না হলেও আমাদের মাঝেও যেন ছোটখাটো একটা ঘোর কাজ করেছে সম্প্রতি। বলছিলাম নাটবাঙলা উত্সবে মঞ্চায়িত রিজওয়ান নাটকের কথা। নাটকটি নিয়ে সবার আগ্রহের প্রধান কারণ ছিল বিশিষ্ট নাট্যজ্ঞ অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। প্রায় দুই যুগ পরে তিনি আমাদের মূলধারার মঞ্চে নতুন একটি নাটকের নির্দেশনা দিলেন। (যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্টাডিজ অ্যান্ড পারফরম্যান্স বিভাগে অধ্যাপনার কারণে তিনি তাঁর বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এবং দেশের বাইরে এ সময়ে হাতে গোনা দু-তিনটি কাজ করেও সবার মনোযোগ কাড়তে সক্ষম হয়েছিলেন।) দ্বিতীয় যে কারণ রিজওয়ান নাটকটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তা হলো ঈদ উত্সবের সময় যখন নাটকের অঙ্গনে চরম নিস্তেজ ভাব, সেই সময়ে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত টানা দশ দিন ধরে একটি নাটকের উনিশটি প্রদর্শনী চলাটা আমাদের দেশের থিয়েটারের জন্য একটা নতুন ইতিহাসই বটে।
রিজওয়ান নাটকটি নির্মিত হয়েছে কাশ্মীরি বংশোদ্ভূত মার্কিন কবি আগা শহিদ আলির ‘দ্য কান্ট্রি উইদাউট আ পোস্ট অফিস’ অবলম্বনে। ভাষান্তর করেছেন ঋদ্ধিবেশ ভট্টাচার্য্য। নাট্যকার অভিষেক মজুমদার। নাটকে রিজওয়ান ও ফাতিমা নামের দুই ভাইবোনের আখ্যান বর্ণিত হয়েছে। আগা শহিদ আলি কাশ্মীরি প্রেক্ষাপটে কাহিনির বর্ণনা করলেও তা সন্দেহাতীতভাবে সন্ত্রাস ও অমানবিক বৈষম্যের শিকার হওয়া পৃথিবীর সব বিপর্যস্ত মানুষের গল্প হয়ে ওঠে। হয়ে ওঠে সুযোগসন্ধানী সাম্রাজ্যবাদী ক্রীড়নকদের সৃষ্ট আগ্রাসন, যুদ্ধ ও সাম্প্রদায়িকতায় বিধ্বস্ত নারী ও শিশুদের জীবনের করুণ আলেখ্য। যে রিজওয়ানের জন্ম নিয়ে পরিবারে তুমুল উত্তেজনা, পিতামহের স্বপ্ন-আকাঙ্ক্ষা সেই রিজওয়ানের জন্মমুহূর্তেই বিপত্তি। হাসপাতালের চরম অব্যবস্থাপনার মধ্যে সাত দিন জীবনমৃত্যুর টানাটানিতে ভূমিষ্ঠ নবজাতক রিজওয়ান যেন আমাদের স্মরণ করিয়ে দেয় ‘জন্মই আমার আজন্ম পাপ’। প্রতিকূল সময় ও প্রতিবেশে রিজওয়ানের বেড়ে ওঠার মধ্যে যে সংগ্রাম, যে দ্বন্দ্ব তা-ই এ নাট্যের মূল ভাষ্য। ভাষ্যকার কিংবা কথাকারের ভূমিকায় আমরা মাঝে মাঝে দেখতে পাই রিজওয়ানেরই অগ্রজা ফাতিমাকে। রিজওয়ান নাটকে ঠিক সুন্দর করে গুছিয়ে কোনো মহৎ গল্প বলার প্রচেষ্টা নেই। যা আছে তা হলো একটি রচনাকে কাব্যিক করে তোলার চেষ্টা। কবিতার উপমা, উৎপ্রেক্ষা, অলংকার, অনুপ্রাসের মতোই এ নাটকে কিছু চিত্রকল্প, দৃশ্যমালা, শব্দ ও সংলাপ দিয়ে দর্শককের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছে, যা যতটা না মুখের কথায় তারও অধিক না বলা অনেক কথায়। বেশ কটি দৃশ্যের উপস্থাপনায় ব্যবহার করা হয়েছে মেটাফোরিক এক্সপোজিশন, যা নান্দনিক উত্কর্ষ দিয়েছে রিজওয়ান নাটককে। দর্শকের মননে যাতে একটা অভিঘাত সৃষ্টি করতে পারে, সে জন্য অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে আলোর খেলা, প্রপসের কম্পোজিশন। একটি নাট্য প্রযোজনাকে যথার্থভাবে উপস্থাপনের জন্য আলো আর প্রপসের এমন চমত্কার সম্মিলন সত্যিই বিরল। এ রকম কারিগরিভাবে ঋদ্ধ প্রযোজনা খুব কমই দেখার সৌভাগ্য হয় আমাদের।
সৈয়দ জামিল আহমেদ আমাদের কালে, আমাদের থিয়েটারে এক জীবন্ত কিংবদন্তি। আমাদের দেশে প্রচলিত থিয়েটার ভাবনাকে, থিয়েটার উপস্থাপনরীতিকে তিনি বারবার চ্যালেঞ্জ করেছেন। প্রচলিত ফর্ম ও প্রয়োগরীতি তিনি বারবার ভেঙেচুরে নির্মাণ করেছেন তাঁর থিয়েটার। প্রতিবারই যেমন প্রশংসিত হয়েছে তাঁর কাজ, তেমনি সমালোচনাও জুটেছে। তাঁর নির্দেশিত চাকা নাটকের আগেই তিনি মঞ্চভাবনায় পরিবর্তন নিয়ে এসেছিলেন তাঁর মঞ্চ-পরিকল্পিত কেরামতমঙ্গল নাটকে। চাকাতে এসে তিনি দর্শককে উপহার দিলেন নতুন মঞ্চভাবনা, যা এর আগের প্রচলিত ভাবনার বিপ্রতীপ। দর্শক উঠে গেলেন মঞ্চে আর নাটক উপস্থাপন হলো মহিলা সমিতির দর্শকের খোলা জায়গায়। বিষাদ সিন্ধুতে তা আরও এক ধাপ এগিয়ে গেল। রিজওয়ান-এ এসে তা যেন চূড়ান্ত মহিমায় উদ্ভাসিত হলো। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের পুরো স্পেস, প্রতিটি কোন, এমনকি ওপরে ছাদ থেকে ঝোলানো লাইটের বিমগুলোও অভিনয় স্পেসে রূপান্তরিত হলো। পুরো মিলনায়তনই যেন রিজওয়ান নাটকে অভিনয় করল। প্রযোজনা থেকে শুরু করে পরিবেশনা, পুরো পরিকল্পনার মধ্যেই রয়েছে অভিনবত্বের ছাপ। সৈয়দ জামিল আহমেদ আবারও প্রমাণ করে দিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নন, তিনিই। আজকের থিয়েটারের নানাবিধ সংকটকালে এমন বড় আকারে ভাববার ও কাজ করার হিম্মত রাখেন সৈয়দ জামিল আহমেদই।
রিজওয়ান নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও আছে। সৈয়দ জামিল আহমেদ এ নাটকের বিভিন্ন ঘটনাকে উপস্থাপন করতে মঞ্চে নির্মাণ করেছেন বেশ কিছু ইমেজ, ইলিউশন। বডিলাইন, কোরিওগ্রাফি, ব্লকিং, কম্পোজিশন, প্রপস, আলোছায়া, মিউজিকের মিশেলে একের পর এক ইমেজ তৈরি করেছেন তিনি। প্রতিটি ইমেজই যেন একটা ভিন্ন নাটক, ভিন্ন ফ্রেমে বন্দী পেইন্টিংস। অ্যালিনিয়েশনের মাধ্যমে তিনি ফ্রেম ভেঙে বেরিয়ে গিয়ে তৈরি করেন নতুন দৃশ্যকাব্য, নতুন পেইন্টিংস। তিনি যেন সেই জাদুকর যাঁর জাদুর বাক্সে জাদুর শেষ নেই। সেই জাদু দেখে আমরা বারবার চমকে উঠেছি সত্য কিন্তু পরক্ষণেই তা আবার মিলিয়ে গেছে। দর্শক হিসেবে আমার মনে গভীর রেখাপাত করতে পারেনি। আমার চোখে যতটা জৌলুশ ছড়াতে পেরেছে, মনে ততটা বোধের সঞ্চার করতে পারেনি। অভিনেতার শরীর, দেহ-কণ্ঠ যতটা দীপ্তি ছড়াতে পেরেছে, তাদের সংলাপ, সংলাপের অন্তর্নিহিত আবেগ-রস-বোধ আমাদের ততটা স্পর্শ করতে পারেনি। সামষ্টিকভাবে গল্পের গাঁথুনিও কেমন জটিল ঠেকেছে মাঝে মাঝে। এই ব্যর্থতাটুকু কাটিয়ে উঠতে পারলে রিজওয়ান হয়ে উঠতে পারত অনিন্দ এক প্রযোজনা। চাঁদের কলঙ্কটুকু মেনে নিয়েই আমরা তাকে সুন্দর বলি। রিজওয়ানকেও আমরা সেই আসনটি দিতে চাই।
সবশেষে বলতে চাই, এই প্রযোজনাটি সবার দেখা উচিত। তিতাস জিয়া, মহসিনা আক্তার, এনামতারা সাকী, মিতালী দাশ প্রমুখ অভিনয়শিল্পী কী প্রাণান্তকর চেষ্টা চালিয়েছেন প্রযোজনাটির নৈপুণ্যদানে। আমাদের থিয়েটার কতটা এগিয়েছে, একটা নাটকে কতটা শ্রম, মেধা, সৃজনশীলতা মিশে থাকে সেটা না দেখলে বোঝা যাবে কীভাবে?
আর একটি কথা বলেই শেষ করতে চাই। আমাদের সংঘনাট্য চর্চায় যেখানে আমরা সবকিছু সীমিত হয়ে আসতে দেখছি, বড় পরিকল্পনা, বড় শ্রম, বড় স্বপ্ন যখন মুখ থুবড়ে পড়ছে, তখন একজন জামিল আহমেদের মতো স্বপ্নবান পুরুষ কীভাবে একটা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেন, নাড়িয়ে দিতে পারেন ঘুণে ধরা গোষ্ঠীচেতনাকে তারও আখ্যান রিজওয়ান।