নববর্ষে আসছে না পারভেজের অ্যালবাম
‘যাবি যদি চলে দূর অজানায়’ এই একটি মাত্র গান দিয়ে নতুন প্রজন্মের সংগীতশিল্পী পারভেজ নিজের অবস্থার কথা জানান দিতে সক্ষম হন। এটি ২০০৮ সালে হূদয় মিক্স অ্যালবামের গান। অ্যালবামের ‘এ জীবন’ গানটিও শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করেন। তার পরই ২০০৯ সালের পয়লা বৈশাখ প্রকাশিত হয় শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘পথ’। সেদিনই ঠিক করেছিলেন, প্রতি দুই বছর পর পয়লা বৈশাখেই একটি করে অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দেবেন। সেভাবে কাজও শুরু করেছিলেন পরবর্তী অ্যালবামের। কিন্তু তা আর হলো না। প্রায় দুই বছর পর এবার দ্বিতীয় একক অ্যালবাম ঠিকই নিয়ে আসছেন পারভেজ। কিন্তু বাংলা নববর্ষে নয়, রোজার ঈদে।বিশ্বকাপ ক্রিকেট এবং আরও কিছু কারণে পয়লা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করা যাচ্ছে না বলে জানান শিল্পী। এখনো পর্যন্ত নাম ঠিক করা না হলেও পাঁচটি গানের কাজ শেষ করেছেন। বাকিগুলোর কাজও খুব শিগগিরই শেষ হবে বলে জানান তিনি। অ্যালবামটির জন্য গান লিখেছেন মাসুদ হাসান উজ্জ্বল, কুমার উজ্জ্বল, শোয়েব, রাসেল ও’নীল ও পারভেজ নিজে। কাজ শেষ হওয়া গানগুলো হচ্ছে ‘মেঘের চাঁদর’, ‘রাত কাঁদে’, ‘তুই ছাড়া কেন কাঁটে না প্রহর’, ‘বিধি’ ও ‘তোরই মায়ায়’।অ্যালবাম সম্পর্কে পারভেজ জানান, পুরো অ্যালবামটি আধ্যাত্মিকতাকে প্রাধান্য দিয়েই করা হচ্ছে। সুফি বেইজড করে এর মধ্যে রক, জ্যাজ, ব্লুজ—এসবের একটা মিশ্রণও থাকবে।পারভেজ আরও বলেন, ‘অনেক চেষ্টা করছি, শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে। প্রথম অ্যালবাম “পথ” প্রকাশিত হওয়ার পর অনেক শ্রোতার সঙ্গে নানাভাবে আমার যোগাযোগ হয়েছে। আমি আসলে তাঁদের নিরাশ করতে চাই না।’