নববর্ষে আসছে সাবিনার অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার কবীর সুমনের সঙ্গে অ্যালবাম করেছেন সাবিনা ইয়াসমীন। এটি তাঁদের তৃতীয় অ্যালবাম। নাম সুপ্রভাত বিষণ্নতা। এতে সব কয়টি গানের কথা লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন কবীর সুমন। আর গান গেয়েছেন সাবিনা। বাংলা নববর্ষ উপলক্ষে লেজার ভিশন থেকে আসছে অ্যালবামটি। নতুন অ্যালবাম প্রসঙ্গে সাবিনা বলেন, ‘প্রতিটি গানই একেবারে আলাদা ধরনের। ভাবনা, কথা, সুর আর সংগীত আয়োজনের দিক থেকে একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই।’ লেজার ভিশন সূত্রে জানা গেছে, ৩ এপ্রিলের পর যেকোনো দিন অ্যালবামটি বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে তারা। কবীর সুমন ও সাবিনার অন্য দুটির মধ্যে দ্বৈত অ্যালবামটি ঢাকা ও কলকাতা থেকে বেরিয়েছিল। নামও ছিল দুই রকম। ঢাকারটির নাম গানে গানে দুটি মন আর কলকাতায় অচেনা ছুটি। আর বছর আট-নয় আগে বেরিয়েছিল সাবিনার একক অ্যালবাম তোমায় খুঁজছি।