নববর্ষে তাঁদের পরিকল্পনা
নয়টা-পাঁচটার রোজগেরে জীবন নয়। ব্যস্ততা তাঁদের দেয় না অবসর। এ কারণেই প্রতিবছরের শেষ প্রান্তে এসে কিছুটা সময় নিজেদের মতো করে কাটাতে ভালোবাসেন বলিউড তারকারা। নববর্ষ নিয়ে থাকে বিশেষ পরিকল্পনা। অনেকেই মুম্বাই ছেড়ে বাইরে যাচ্ছেন। কেউ কেউ বিদেশেও।
এ বছরটা সবচেয়ে ভালো কেটেছে দীপিকা পাড়ুকোনের। চার-চারটি সুপারহিট ছবি। দীপিকা নববর্ষটি উদ্যাপন করতে চাইছেন পরিবারের সঙ্গে। এর মধ্যে মালদ্বীপে বেড়াতে গেলেও ৩১ ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে আসার কথা তাঁর।
সপরিবারে থাইল্যান্ডের ফুকেটে যাচ্ছেন শাহরুখ খান। ধুম থ্রির টাটকা সাফল্য ব্যাগে পুরে আমির খান সপরিবারে যাচ্ছেন পঞ্চগনিতে নিজের বাড়িতে। স্ত্রী কিরন রাও, ছেলে আজাদসহ কাছের বন্ধুরাও থাকবেন। আর...রাজকুমার ছবির সাফল্যের পর থেকেই পার্টি করে বেড়াচ্ছেন শহীদ কাপুর। নববর্ষটা তিনি কাটাবেন লস অ্যাঞ্জেলেসে। স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে গোয়ায় যাবেন অক্ষয় কুমার। সেখানে সোনম কাপুরের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে তাঁর। সোনমও যাচ্ছেন গোয়ায়। বরফঢাকা পাহাড় ভালোবাসেন কারিনা ও সাইফ। তাই তাঁরা যাচ্ছেন সুইজারল্যান্ড।
নববর্ষে দুবাইয়ে থাকবেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে থাকবেন করন জোহরও। স্বামী-সন্তানদের নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন মাধুরী দীক্ষিত। ভাগ্য ভালো নববর্ষটা জেলে বসে কাটাতে হচ্ছে না সঞ্জয় দত্তকে। স্ত্রী-সন্তানদের নিয়ে মুম্বাইতেই নববর্ষ উদ্যাপন করবেন সঞ্জু বাবা। মিড-ডে।