নববর্ষে বড়পর্দায় নায়ক মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষে ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন আসছেন বড়পর্দার নায়ক হিসেবে। এ বৈশাখেই মুক্তি পাচ্ছে মিলন অভিনীত ‘দেহরক্ষী’ ছবিটি। প্রেক্ষাগৃহে ছবি মুক্তির দিক দিয়ে এটি তাঁর দ্বিতীয় ছবি। তবে বড়পর্দায় নায়ক হিসেবে এটি মিলনের প্রথম ছবি। ‘দেহরক্ষী’ ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।মিলন বলেন, ‘আমার প্রথম ছবি “হাজার বছর ধরে”। টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি আমি আরও চারটি ছবিতে অভিনয় করেছি। তবে যত ছবিতে আমি কাজ করেছি, এটি একেবারেই আলাদা।’মিলন আরও বলেন, ‘আমি “দেহরক্ষী” ছবিতে অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে কাজ শুরু করেছি। এই ছবিতে কাজ করে আমি নিজেও অনেক সন্তুষ্ট। আমার বিশ্বাস, দর্শক ছবিটিতে আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আমি নিজেও ছবিটি নিয়ে বেশ আশাবাদী।’ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে মিলন বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটি খলনায়কের। হিন্দি ছবি “ডর”-এ শাহরুখ খানের চরিত্রটি যেমন ছিল, অনেকটা সে রকম।’‘দেহরক্ষী’ ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, পারভেজ, দোলা প্রমুখ।প্রথম দিকে ‘দেহরক্ষী’ এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মসের স্বত্বাধিকারী অদিত। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।মিলন প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ‘হাজার বছর ধরে’ (২০০৫) ছবিতে। এরপর ‘দ্য লাস্ট ঠাকুর’ ছবিতে (২০০৯)। ‘শুয়াচান পাখি’র কাজ শুরু হয় বছর তিনেক আগে; কিন্তু এখনো ছবিটির শুটিং শেষ হয়নি। মিলন বর্তমানে কাজ করছেন জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবির। এ ছবিতে মিলনের নায়িকা নবাগত মাহি।