নববর্ষে বলিউড তারকারা কে কোথায়

বছর শেষে এখন অনেকটা ছুটির আমেজেই সময় পার করছেন বলিউডের তারকারা। হাতে থাকা কাজ গুছিয়ে ২০১৪ সালকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। পরিবারের সদস্য কিংবা কাছের মানুষদের সঙ্গে ঘটা করে নববর্ষ উদযাপনের নানা পরিকল্পনায় ব্যস্ত রয়েছেন দীপিকা, ঐশ্বরিয়া, শাহরুখ, সঞ্জয়, আমির, মাধুরী, সোনমসহ বলিউডের প্রায় সব তারকাই।
এরই মধ্যে বড়দিন উদযাপনের পাশাপাশি বর্ষবরণ উত্সব উপলক্ষে ভারত ছেড়েছেন বলিউডের একাধিক তারকা। বাকিরাও প্রস্তুতি নিচ্ছেন দেশের বাইরে গিয়ে নববর্ষ উদযাপনের। কেউ কেউ আবার নিজের দেশেই কাছের মানুষদের নিয়ে ধুমধাম করে নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।
কাজ থেকে ছুটি নিয়ে ২৪ ডিসেম্বর কাছের মানুষদের সঙ্গে মালদ্বীপ গিয়েছেন দীপিকা পাড়ুকোন। সেখানেই বড়দিন উদযাপন করেছেন তিনি। ৩১ ডিসেম্বরের আগেই মালদ্বীপ থেকে দেশে ফিরবেন বর্তমান সময়ের অন্যতম সফল এ তারকা অভিনেত্রী। মুম্বাইয়ে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে নববর্ষ উদযাপনে মেতে উঠবেন তিনি।
এদিকে ২০১৪ সালকে বরণ করে নিতে পরিবারের সঙ্গে থাইল্যান্ডের ফুকেটে উড়াল দিচ্ছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। দীর্ঘদিন পর স্ত্রী-সন্তানদের নিয়ে ছুটি কাটাতে যাচ্ছেন শাহরুখ।
প্রতিবছর ডিসেম্বরের শেষ দিকে ব্যাগ গুছিয়ে স্ত্রী-সন্তান নিয়ে মহারাষ্ট্রের পাহাড়ঘেরা পঞ্চগনি শহরে চলে যান ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান। সেখানে তাঁর নিজের একটি বাড়ি আছে। মূলত অবকাশযাপনের জন্যই বাড়িটি বানিয়েছেন তিনি। অন্যান্যবারের মতো এবারও সেখানেই নববর্ষ উদযাপনে মেতে উঠবেন আমির। এই আনন্দে তাঁর সঙ্গী হবেন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদসহ একদল ঘনিষ্ঠ বন্ধু।
নববর্ষ উদযাপনের জন্য স্বামী শ্রীরাম নেনে আর দুই সন্তান রায়ান ও অরিনকে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা রয়েছে ‘আজা নাচলে’ তারকা মাধুরী দীক্ষিতের। বলিউডের অন্যতম সফল তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। একমাত্র মেয়ে আরাধ্যকে নিয়ে দুবাইয়ে নতুন বছরকে বরণ করে নেবেন তাঁরা।
এক মাসের জন্য প্যারোলে মুক্তি পাওয়ার পর এখন মুম্বাইয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁর স্ত্রী মান্যতা দত্তের শারীরিক অবস্থা ভালো নয়। তাঁর যকৃতে বড় আকারের একটি টিউমার ধরা পড়েছে। মান্যতা আর যমজ দুই সন্তান শরণ ও ইকরাকে নিয়ে ঘরোয়াভাবেই নতুন বছরকে বরণ করে নেবেন সঞ্জয়।
‘খুবসুরত’ ছবির রিমেকে অভিনয় করছেন অনিল কাপুরতনয়া সোনম কাপুর। এ মুহূর্তে রাজস্থানে ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। তবে নববর্ষ উদযাপনের আগেই রাজস্থান থেকে মুম্বাই ফিরবেন তিনি। মুম্বাই ফিরলেও নতুন বছরকে বরণ করে নিতে তিনি সেখান থেকে চলে যাবেন গোয়ায়। বন্ধুবান্ধবদের সঙ্গে হই-হুল্লোড় করে বর্ষবরণ উত্সবে মেতে উঠবেন তিনি। ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমারও গোয়ায় নববর্ষ উদযাপনের পরিকল্পনা করেছেন। সেখানে তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী টুইংকেল খান্না এবং দুই সন্তান আরাভ ও নিতারা।
দুবাইয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে নতুন বছরকে বরণ করে নেবেন বলিউডের প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর। এদিকে বন্ধুবান্ধবদের নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উড়াল দিয়েছেন ‘আর...রাজকুমার’ তারকা শহিদ কাপুর। সেখানেই ঘটা করে ২০১৪ সালকে বরণ করে নেবেন তিনি।