নববর্ষে ব্যান্ডের গান
২০১১ সালের একেবারে শেষ দিনে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয় এয়ারটেল আয়োজিত বিচ কনসার্ট। নতুন বছরকে স্বাগত জানাতে সেদিনের কনসার্ট উপভোগ করেন প্রায় দুই লাখ দর্শক। এলআরবির দলপ্রধান আইয়ুব বাচ্চু বলেন, ‘২০১১ সালের শেষ ১০ দিনের প্রতিদিনই আমরা বিভিন্ন কনসার্টে গান করেছি। এর মধ্যে দুটি ওপেন এয়ার আর অন্যগুলো ছিল বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের। এলআরবির প্রায় সব গানই শ্রোতাদের জানা। তবে সব গানের মধ্য থেকে শ্রোতারা “চলো বদলে যাই” গানটির সঙ্গে অনেক বেশি একাত্ম হয়ে যায়। আমরা গানটির এক লাইন ধরলে শ্রোতারা পরবর্তী লাইনটি সমস্বরে গেয়ে ওঠে। কিন্তু ৩০ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামের কনসার্টে ঘটেছে একেবারে ব্যতিক্রমী ঘটনা। এদিন আমার অ্যাকুইস্টিক গিটার বাজানোর সঙ্গে পুরো গানটি স্টেডিয়াম-ভর্তি শ্রোতারা গেয়ে শোনায়। এ এক অসাধারণ অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব নয়।’ব্যান্ডদল নগর বাউল ৩০ ডিসেম্বর কমলাপুর স্টেডিয়ামে গান করে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে। দলপ্রধান জেমস বলেন, ‘আমার কাছে মনে হয় নগর বাউলের কনসার্টে দর্শকেরা সব গানে অনেক বেশি আনন্দ পায়। “গুরু”, “পাগলা হাওয়া”, “দুখিনী দুঃখ কোরো না”, “তারায় তারায়” ও “বাংলাদেশ” গানগুলো দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করে। এ ছাড়া হিন্দি ছবিতে গাওয়া “ভিগি ভিগি” গানটি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। দর্শকদের কাছ থেকে এ ধরনের ভালোবাসা অন্যসব শিল্পীর মতো আমারও ভালো লাগে।’প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব বলেন, ‘আমাদের কনসার্টগুলোতে চারটি গানের প্রতিক্রিয়া পাই বেশি। তবে অন্য গানের প্রতিক্রিয়া যে পাই না, তা কিন্তু নয়। সাম্প্রতিক কালে প্রতিক্রিয়া বেশি পাওয়া গানগুলো হচ্ছে “হায় আল্লাহ”, “পাঠশালা”, “চান্দের বাত্তি”, “চাঁদ সাজাল” গানগুলোতে যখন দেখি দর্শক উন্মাতাল হয়ে পড়ে, তখন নিজের এক অন্য রকম ভালোলাগা কাজ করে। যেকোনো শিল্পীর জন্য এটি অল্লাহর অশেষ রহমত ছাড়া আর কিছুই নয়। কারও হয়তো টাকাপয়সা থাকতে পারে, কিন্তু এ ধরনের ভালোবাসা আদায় করা তার পক্ষে সম্ভব নয়। ৩০ ডিসেম্বর কমলাপুর স্টেডিয়ামের কনসার্টে আমরা নতুন করে তা উপলব্ধি করেছি।’৩১ ডিসেম্বর কক্সবাজারের কনসার্টে গান পরিবেশন করে মুগ্ধ হয়েছেন দলছুট ব্যান্ডের সদস্যরা। দলটির প্রধান ভোকাল বাপ্পা মজুমদার বলেন, ‘দলছুটের অনেক গানের মধ্যে “গাড়ি চলে না”, “বাজি”, “বায়োস্কোপ” এই তিনটি গানের প্রতিক্রিয়া অনেক বেশি পাই। এ ছাড়া আমরাও বেশির ভাগ কনসার্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের “তীরহারা এই ঢেউয়ের সাগর” গানটি পরিবেশন করে থাকি। আমাদের সঙ্গে যখন দর্শকেরাও একাকার হয়ে যায়, তখন পুরো এলাকাটাতে অন্য রকম একটা আবহ তৈরি হয়। এটা আসলে অন্য কিছুতে সম্ভব হয় বলে মনে হয় না।’এদিকে, ৩০ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গানওয়ালা ব্যান্ডের কনসার্ট।