নবম বর্ষে সিটিসেল তারকাকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল তারকাকথন ভবিষ্যতেও নতুন আঙ্গিকে এবং নতুন সাজে তার পথচলা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে তারকাদের আরও ভিন্নভাবে কী করে উপস্থাপন করা যায়, তা নিয়ে পরিকল্পনা চলছে। পরিকল্পনা চলছে দর্শককে তারকাদের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার।সিটিসেল তারকাকথনের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজিত সাংবাদিক এবং তারকাদের এক প্রীতি সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেছে অনুষ্ঠান কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ এবং সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, রোকাইয়া হাসিনা, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম প্রমুখ। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে। প্রীতি সম্মেলনে আরও জানানো হয়, অনুষ্ঠানটিতে তারকারা টেলিফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তো দিয়েই থাকেন, পাশাপাশি অনেক সময় সংগীত ও শিল্পশৈলী প্রদর্শন করে থাকেন। তারকাকথনের বিভিন্ন পর্বে তারকাদের জন্মদিনও উদ্যাপন করা হয়ে থাকে। অনেক সময় অনুষ্ঠানটিতে ব্যক্তিগত সাফল্যের নায়কের পাশাপাশি দলীয় সাফল্যের দলটি ছাড়াও বিভিন্ন উৎসব বা পার্বণের সঙ্গে সংগতি রেখে অনুষ্ঠানে বিভিন্ন তারকাকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। সিটিসেল তারকাকথনের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালের ২১ মে। অনুষ্ঠানটি নবম বছরে পদার্পণ করল। এই দীর্ঘ আট বছরে তারকাকথনের মোট দুই হাজার ৩৪৭টি পর্ব প্রচারিত হয়েছে।