নবান্ন উত্সব কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সনের হিসেবে আগামীকাল ১লা অগ্রহায়ণ ১৪২২। আর উৎসবের হিসেবে কাল নবান্নের শুরু। এ উপলক্ষে আগামীকাল আয়োজন করা হয়েছে জাতীয় নবান্ন উত্সব ১৪২২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এই উৎসবের আয়োজন করেছে জাতীয় নবান্নোত্সব উদ্‌যাপন পরিষদ।
নবান্ন উৎসবের প্রস্তুতি সম্পর্কে জানাতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবান্নোত্সব উদ্‌যাপন পরিষদের চেয়ারপারসন লায়লা হাসান, কো-চেয়ারপারসন কাজী মদিনা, মাহমুদ সেলিম, বাবুল বিশ্বাস, মানজার চৌধুরী সুইট, যুগ্ম-আহ্বায়ক নাঈম হাসান সুজা, সঙ্গীতা ইমাম, সদস্য মোতালেব শাহরীয়ার, অলোক বসু, রেজিনা ওয়ালী লীনা প্রমুখ।
নবান্ন উৎসব আগামীকাল দিনব্যাপী দুই ধাপে অনুষ্ঠিত হবে বলেই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এর মধ্যে সকাল ৭টা ১ মিনিটে শুরু হয়ে শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে সকাল ৯টায়। এরপর শুরু হবে বিকেল তিনটায় এবং শেষ হবে রাত নয়টায়। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আলকাপ, ধামাইলসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি, পিঠার আয়োজন।
এ বছরের নবান্ন উৎসবের উদ্বোধন করবেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন চেয়ারপারসন লায়লা হাসান ও আহ্বায়ক শাহরিয়ার সালাম।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত।