নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার সকাল। ঝলমলে রোদ ছড়িয়ে পড়তে না-পড়তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবে শামিল হলেন শিল্পী ও শ্রোতারা। উৎসবের স্লোগান ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’। আয়োজন করেছিল জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ। নাচ-গান-আবৃত্তি আর আগত ব্যক্তিদের পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করার মধ্য দিয়ে উদ্যাপিত হয় উৎসব।
উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। নবান্নকথনে অংশ নেন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান, আহ্বায়ক শাহরিয়ার সালাম প্রমুখ। বক্তারাও বললেন, উৎস থেকে, শিকড় থেকে যাতে শহুরে নতুন প্রজন্মের যোগটি একেবারে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, নিজেদের সাংস্কৃতিক উপাদান-উপকরণগুলোর সঙ্গে যেন পরিচয়টি গভীর হয়, সে উদ্দেশ্যই থাকে ঋতুভিত্তিক এ ধরনের উৎসবে।
দলীয় সংগীত পরিবেশন করে সুরবিহার, ঋষিজ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, মহুয়া মঞ্জরী, খেলাঘর, বহ্নিশিখা, গ্রহস্বরের শিল্পীরা। একক কণ্ঠে নবান্নবরণ করেন আশিকুর রহমান, অনিমা রায়, নুসরাত জাহান কনা, সাবেরা সুলতানা, খগেন্দ্রনাথ সরকার, বিশ্বজিৎ রায় প্রমুখ। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, লায়লা আফরোজ, বেলায়েত হোসেন প্রমুখ। নৃত্য পরিবেশন করে ভাবনা, নটরাজ, নৃত্যশ্রী, স্পন্দন ও উদীচীর শিল্পীরা।
সকাল সাড়ে ১০টায় শুরু হয় নবান্ন শোভাযাত্রা। উৎসবে পয়লা অগ্রহায়ণকে জাতীয় নবান্নোৎসব দিবস ঘোষণা করে সরকারি ছুটি ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।