নবান্ন উৎসবে ফ্রান্সের জন্য নীরবতা
ঢোলের বাদন, ফসলের গান, নাচ, আবৃত্তির সঙ্গে মুড়ি-মুড়কি, স্মার্টফোনে সেলফি আর পিঠাপুলি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলা সকাল থেকে মেতেছে নবান্ন উৎসবে। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানে প্রতিবছরের মতো এ বছরও নবান্ন উৎসবের আয়োজন করেছে জাতীয় নবান্নোত্সব উদ্যাপন পর্ষদ। এ সময় ফ্রান্সের প্যারিসে শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।
রোববার সকাল ৭টা ১ মিনিটে উৎসব শুরু হয় ভোরের রাগ সংগীতের আবাহনে। এর পর পালাক্রমে চলতে থাকে নাচ, গান আবৃত্তি, নবান্ন কথন, ঢাক-ঢোলের বাদন, যন্ত্রসংগীতের পরিবেশনা। ছিল ধামাইল, গারো সম্প্রদায়ের ওয়ান গালা নৃত্য এবং রাজশাহীর রঙ্গরস থিয়েটারের আয়োজন।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে ছিল নবান্ন নিয়ে আলোচনা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। নবান্ন কথনে অংশ নেন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান ও আহ্বায়ক শাহরিয়ার সালাম। নবান্ন কথনে বক্তারা পয়লা অগ্রহায়ণ তারিখকে ‘জাতীয় নবান্ন উৎসব দিবস’ ঘোষণা করে সরকারি ছুটি দেওয়ার দাবি জানান।
স্বল্প আলোচনার পর সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে নবান্ন শোভাযাত্রা। শোভাযাত্রাটি চারুকলার বকুলতলা থেকে বের হয়ে টিএসসি চত্বর ঘুরে পুনরায় বকুল তলায় এসে শেষ হয়।
নবান্ন উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৩টায় ঢাক-ঢোলের বাদনের মধ্য দিয়ে। এ পর্বে জাতীয় নবান্নোত্সব উদ্যাপন পর্ষদের নেতৃবৃন্দ ছাড়াও গান, নৃত্য, আবৃত্তিতে অংশ নেবে উদীচী, ঋষিজ, খেলাঘর, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ক্রান্তিক, পঞ্চভাস্কর, আচিক, নটরাজ, নৃত্যম, দৃষ্টি, সৃষ্টি, গীতি শতদল, গীতিমায়া, আনন্দন, নন্দন কলাকেন্দ্র, নৃত্যলোক, নবচেতনা, স্পন্দন, সুরবিহার, নৃত্যজন, মৈত্রী, সাম্য, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, অগ্নিবীণা, ভাওয়াইয়া গানের দল, কত্থক সম্প্রদায়, নৃত্যাঙ্গন বিভিন্ন সংগঠন। সন্ধ্যায় জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব শেষ হবে।