নবান্নের ধাঁচে ‘বিজয়ে পার্বণে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার ঐতিহ্যবাহী উৎসব আর স্বাধীনতা যুদ্ধের গৌরবান্বিত ইতিহাসের সংমিশ্রণে ‘উৎসে বাংলাদেশ’-এর উদ্যোগে গতকাল শনিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিজয়ে পার্বণে’ উৎসব। জাঁকজমকপূর্ণ এ আয়োজনের একটি মঞ্চে ছিল নবান্ন নৃত্য এবং ভিন্ন একটি মঞ্চে বাউল গানের আসর বসান দেশের প্রত্যন্ত এলাকা থেকে উৎসবে যোগ দিতে আসা বাউলশিল্পীরা।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমন্বয়কারী বিভুরঞ্জন সরকার। উৎসবের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক মাহবুব জামান। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান, মুজাম্মেল হোসেন, খেলাঘরের সভাপতি মাহফুজা খানম প্রমুখ।তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধনী আয়োজনের মধ্যে আরও ছিল ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য এবং এভারেস্ট বিজয়ী এম এ মুহিতের পর্বত অভিযানের আলোকচিত্র প্রদর্শনী। দুপুরে প্রদর্শনী দুটি উদ্বোধন করেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। বিকেলে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর (অব.) কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠান। ছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের সঙ্গে আলাপচারিতার আয়োজন। আজ রোববার রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু-কিশোরদের মধ্যে বিজয় বাঁশি বিতরণ, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি। আগামীকাল সোমবার রয়েছে পিঠা উৎসব, যাত্রা ও সন্ধ্যায় ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা। এ ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে উৎসবের তিন দিনই বাঙালির সাহস, বীরত্ব, আত্মত্যাগ এবং গৌরবের কথা শোনাবেন একাত্তরের সম্মুখসমরে অংশগ্রহণকারী কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। নানা আঙ্গিকের আড্ডা, লাঠিখেলা, নাগরদোলা, পুতুলনাচ এসবের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মূল মঞ্চে রুবেল দেওয়ান, রীনা আক্তার, আবদুল আউয়াল সরকার, সোহরাব দেওয়ান, পরিমল প্রমুখ শিল্পী লোকগান পরিবেশন করবেন। এ ছাড়াও থাকছে আদিবাসী নৃত্য, অগ্নিনৃত্য, ঢোলবাদন প্রভৃতি।প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠসহ লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় দীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় শোভাযাত্রাবিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রার আয়োজন করে। অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে এটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে যারা বিভিন্ন ধরনের অন্যায়-অত্যাচারে লিপ্ত ছিল ও ঠান্ডা মাথায় নির্মমভাবে বুদ্ধিজীবীসহ সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।জলের ধারার কর্মশালাজলের ধারা আর্ট গ্রুপের আয়োজনে জলরঙের কর্মশালা শুরু হয়েছে গতকাল শনিবার। লালমাটিয়ার শিল্পানু একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। কর্মশালা পরিচালনা করেছেন শিল্পী সোহাগ পারভেজ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও ইউডার চারুকলা বিভাগ, ঢাকা আর্ট কলেজ, নারায়ণগঞ্জ আর্ট কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, রাজশাহী আর্ট কলেজ, ময়মনসিংহের ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিচ্ছেন। অতিথি শিল্পী হিসেবে থাকবেন সমরজিৎ রায়চৌধুরী, হামিদুজ্জামান খান, বীরেন সোম, রণজিৎ দাস, নাসরিন বেগম ও কামালুদ্দিন।শিল্পী অলকেশ ঘোষ, বীরেন সোম ও সোহাগ পারভেজের উদ্যোগে জলের ধারা আর্ট গ্রুপের কার্যক্রম শুরু হয়েছিল ২০১০ সালে। বিজ্ঞপ্তি।বর্ন ইন ফিফটিজউত্তরার গ্যালারি কায়ায় চলছে পঞ্চাশের দশকে জন্ম নেওয়া দেশের বিশিষ্ট ১০ জন শিল্পীর যৌথ শিল্পকর্মের প্রদর্শনী। ‘বর্ন ইন ফিফটিজ’ নামের এই প্রদর্শনী শুরু হয়েছে ১৪ ডিসেম্বর, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। সাংসদ সারাহ বেগম কবরী প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন।এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী চন্দ্রশেখর দে, দীপা হক, ফরিদা জামান, আফজাল হোসেন, মোহাম্মদ ইউনুস, নাসিম আহমেদ নাদভী, তরুণ ঘোষ, জামাল আহমেদ, কাজী রাকিব ও রণজিৎ দাস। বিজ্ঞপ্তি।শিল্পকলা একাডেমীতে বিজয় উৎসববিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ রোববার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় রয়েছে স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ কর্মসূচির আওতায় নির্মিত দীপা খন্দকারের নির্দেশনায় নৃত্যনাট্য শঙ্কাহীন পথচলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত গান করবে ঢাকা সাংস্কৃতিক দল, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, নজরুলসংগীতশিল্পী পরিষদ ও গণসংগীত সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম।