
রুপালি পর্দায় বহু চরিত্রেই তাঁকে দেখেছেন অগণিত দর্শক। তবে সব ছাপিয়ে নবাব সিরাজউদ্দৌলা হিসেবেই বাঙালির মনের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি। দীর্ঘদিন রোগভোগের পর চলে গেলেন সেই মুকুটহীন নবাব। চিরপ্রস্থান ঘটল বাংলা চলচ্চিত্র ও মঞ্চের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের।ভরাট দরদি কণ্ঠ ছিল আনোয়ার হোসেনের। সহজেই আলাদা করে চেনা যেত বহুজনের কথাবার্তার মধ্যেও। ‘বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব...’নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় তাঁর কণ্ঠনিঃসৃত এই সংলাপ এখনো অগণিত মানুষের স্মৃতিতে রয়ে গেছে। চরিত্রের গভীরে গিয়ে তার বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতেন নিজের অসামান্য অভিনয়দক্ষতায়। প্রবল ব্যক্তিত্বময় ছিল তাঁর উপস্থিতি। বাংলা চলচ্চিত্রের সেই সাদাকালো যুগ থেকে রুপালি পর্দায় বা মঞ্চে যত দিন অভিনয় করেছেন, দর্শকদের আকর্ষণ ধরে রেখেছেন তাঁর প্রতি।গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় অভিনয়শিল্পী আনোয়ার হোসেন রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। স্ত্রী নাসিমা আনোয়ার, চার ছেলে, এক মেয়েসহ বহু ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ, পারকিনসনসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক বছর ধরেই শয্যাশায়ী ছিলেন। জীবনের শেষ পাঁচ-ছয় মাস হলো, তিনি বাকশক্তিও হারিয়ে ফেলেছিলেন। সর্বশেষ তিন সপ্তাহ ধরে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘তাঁকে সিঙ্গাপুর অথবা ব্যাংককের কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে হাসপাতালে দেখতে গিয়ে ১০ লাখ টাকা অনুদান দিয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। কিন্তু তিনি (আনোয়ার হোসেন) সেই সুযোগ আর দিলেন না।’শুক্রবার সকাল আটটার দিকে আনোয়ার হোসেনের মরদেহ শেষবারের মতো তাঁর কলাবাগানের ক্রিসেন্ট রোডের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সকাল নয়টার পর থেকেই আত্মীয়স্বজন, প্রতিবেশী, ভক্ত-অনুরাগী এবং চলচ্চিত্রজীবনের সহকর্মীরা সেখানে আসেন। শিল্পীর পরিবারকে সমবেদনা জানাতে আসেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্রাভিনেতা আহমদ শরীফ, চলচিত্রনির্মাতা শহীদুল ইসলাম, সোহানুর রহমান, শাহ আলম, অভিনেতা উজ্জ্বল, সুব্রত প্রমুখ। সেখানে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ বিদায় জানান। বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে বাদ জুমা তাঁর জানাজা হয়। বেলা তিনটায় আনা হয় তাঁর দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত কর্মস্থল এফডিসি প্রাঙ্গণে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ এখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন নায়ক রাজ্জাক, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, আলমগীর, প্রবীর মিত্র, উজ্জ্বল, চলচ্চিত্রনির্মাতা আমজাদ হোসেন, সালাউদ্দিন জাকী, কাজী হায়াৎ, মহম্মদ হান্নান প্রমুখ। শ্রদ্ধা জানায় প্রযোজক-পরিবেশক সমিতি, সহ-ব্যবস্থাপক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও সংগঠন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে তাঁকে দাফন করা হয়।
শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দসহ বিশিষ্টজনেরা। এ ছাড়া শোক জানিয়ে বার্তা পাঠিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ, বাংলাদেশ টেলিভিশন শিল্পী সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গণতান্ত্রিক লীগ, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন।
সংক্ষিপ্ত জীবনী: আনোয়ার হোসেন ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুরের সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জামালপুরের সাব-রেজিস্ট্রার নাজির হোসেন ও গৃহিণী সাঈদা খাতুনের তৃতীয় সন্তান। তাঁর শৈশব, কৈশোর কেটেছে জামালপুরে। জামালপুর সরকারি উচ্চবিদ্যালয়ে থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে ভর্তি হওয়ার পরেই তিনি অভিনয় শুরু করেন। স্থানীয় মঞ্চনাটকে অভিনয় করতেন নায়কের চরিত্রে। ময়মনসিংহ ছেড়ে ঢাকায় এসে জড়িত হন বেতারের নাটকে। নওফেল-হাতেম নাটক দিয়ে ১৯৫৭ সালে ঢাকা বেতারে তাঁর অভিনয় শুরু।
আনোয়ার হোসেন অভিনীত প্রথম চলচ্চিত্র তোমার আমার। ১৯৫৮ সালে মুক্তি পাওয়া মহিউদ্দিন পরিচালিত এ ছবিতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। আলমগীর কবিরের সূর্যস্নান তাঁর দ্বিতীয় চলচ্চিত্র। এটি মুক্তি পায় ১৯৬২ সালে। এরপর একে একে অভিনয় করেন পালঙ্ক, জোয়ার এলো, কাচের দেয়াল, জীবন থেকে নেয়া, আলোর মিছিল, নাচঘর, দুই দিগন্ত, এতটুকু আশা, লাঠিয়াল, অপরাজেয়, পরশমণি, শহীদ তিতুমীর, ঈশা খাঁ, অরুণ বরুণ কিরণ মালা, বন্ধন, একালের রূপকথা প্রভৃতি চলচ্চিত্রে। ১৯৬৬ সালে তিনি অভিনয় করেন উর্দু চলচ্চিত্র উজালায়। ১৯৬৭ সালে বাংলা ও উর্দু ভাষায় নির্মিত নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে কিংবদন্তিতে পরিণত হন। নবাবের চরিত্রে তিনি এতই আত্মস্থ হয়েছিলেন, এত আবেগ ফুটিয়ে তুলেছিলেন যে দর্শকেরা তাঁর মধ্যেই বাংলার নবাবকে খুঁজে পেয়েছিলেন। এরপর অনেকেই তাঁকে ‘নবাব সিরাজউদ্দৌলা’ বলেই ডেকেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি মঞ্চেও অভিনয় করেন।
১৯৭৫ সালেলাঠিয়াল চলচ্চিত্রের জন্য তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৭৮ সালে গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্রে অভিনয়ের জন্য সহ-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৬৭ সালে নবাব সিরাজউদ্দৌলায় অভিনয় করে নিগার পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া পেয়েছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা, বাচসাস পুরস্কার, চ্যানেল আই-চলচ্চিত্র মেলা সম্মাননাসহ বিভিন্ন পদক ও সম্মাননা।