নবীন শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার কাজের মধ্যেই নিজের নিজের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার প্রবণতা। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন কেউ কেউ। শিল্পকর্মগুলোতে যে কথা বলার প্রচেষ্টা রয়েছে, তা দর্শকদের ভালো লাগবে। রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় আয়োজিত নবীন শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করে অতিথিরা তাঁদের কাজের মূল্যায়ন করেছেন এভাবেই।শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় গত ৬ থেকে ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল চারুকলাবিষয়ক শিল্পকর্ম কর্মশালা। ওই কর্মশালায় অংশ নেওয়া নবীন শিল্পীদের কাজ নিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। প্রদর্শনীতে স্থান পেয়েছে ১০০টি শিল্পকর্ম। মানুষের মনের অতৃপ্ত বাসনা, সৌন্দর্যবোধ—শিল্পীদের ক্যানভাসে মূর্ত হয়েছে। দৈনন্দিন জীবনের অস্থিরতা, বিচ্ছিন্নতাবোধও ফুটে উঠেছে তাঁদের কাজে। ক্যানভাসে ঘুরেফিরে এসেছে প্রকৃতি। চিত্রকর্মগুলোতে তেলরং, জলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যম ব্যবহার করা হয়েছে। এই প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।বেণুকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সাংস্কৃতিক সংগঠন বেণুকা ললিতকলা কেন্দ্র তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল থেকে দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। একই সঙ্গে গতকাল সংগঠনের অধ্যক্ষ গোলাম মোস্তফা খানের ৭০তম জন্মবার্ষিকীও উদ্যাপন করা হয়।শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধনীতে বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, বেণুকার সহসভাপতি সুধীরচন্দ্র দাস, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বেণুকার সাংস্কৃতিক সম্পাদক লীনা তাপসী খান। সভাপতিত্ব করেন বেণুকার সভাপতি আবু সালেহ।শুরুতে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ভিডিওচিত্র দেখানো হয়। দ্বিতীয় পর্বে ছিল সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সংগীত ও নৃত্যানুষ্ঠান। এ পর্বে বেণুকার অধ্যক্ষ গোলাম মোস্তফা খান পরিচালিত খণ্ড নৃত্য ও নৃত্যনাট্য পরিবেশন করেন শিক্ষার্থীরা।পর্যটনবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীমহাখালীর হোটেল অবকাশে বাংলাদেশ পর্যটন করপোরেশন দুই দিনব্যাপী পর্যটনবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, বাংলাদেশ ২০১১ সালকে পর্যটন বর্ষ হিসেবে উদ্যাপন করবে, এ জন্য প্রস্তুতি চলছে। এ সময় বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে অনেক বিদেশি খেলোয়াড় ও দর্শক বাংলাদেশে আসবেন। তাঁদের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হবে। তিনি বলেন, বিদেশে বাংলাদেশকে তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এ জন্য মিশনগুলো কাজ করছে। সেখানে মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলো প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে। ওয়েবসাইটের মাধ্যমেও এ প্রচার চালানো হবে।প্রদর্শনীতে মোট ১৪৯টি আলোকচিত্র স্থান পেয়েছে। আজ দুপুর দুইটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। পুরস্কারের জন্য আটজন আলোকচিত্র শিল্পীকে মনোনীত করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার বক্তব্য দেন।