
শিল্পকলা একাডেমীতে জাতীয় চিত্রশালার চার দেয়াল আর মেঝেতে এখন শোভা পাচ্ছে বিভিন্ন শিল্পকর্ম৷ এগুলো ১৯তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীদের কাজ৷ নবীন এই শিল্পীরা তাঁদের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সমকালীন জীবনের প্রতিবিম্ব।
গতকাল বুধবার এ প্রদর্শনী ঘিরে শিল্পকলা একাডেমী পরিণত হয়েছিল নবীন শিল্পীদের মিলনমেলায়। একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন ও বিজয়ী শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী।
প্রদর্শনীতে ১৬৬ জন শিল্পীর ১৯৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এসব শিল্পকর্মের মধ্য থেকে আটটি শিল্পকর্ম পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে একটি নবীন চারুশিল্পী পুরস্কার৷ তিনটি মাধ্যমে ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০১৪’ পেয়েছেন আনিসুজ্জামান মামুন। ভাস্কর্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন রূপম রায়, ছাপচিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন পলাশ বরণ বিশ্বাস, স্থাপনা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মোজাহিদুর রহমান সরকার এবং সম্মানসূচক পুরস্কার পেয়েছেন খোকন চন্দ্র সরকার, সৈয়দ ফিদা হোসেন, রুহুল আমিন ও সুমনা আক্তার। এর মধ্যে শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্তকে ৭৫ হাজার টাকা, আলাদা মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার ৫০ হাজার এবং সম্মানসূচক পুরস্কার ১৫ হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয় একটি করে ক্রেস্ট ও সার্টিফিকেট।
ড্রইং থেকে শুরু করে তেলরং, অ্যাক্রিলিক থেকে ছাপচিত্র কিংবা ভাস্কর্য ও ভিডিও স্থাপনা সবই উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে৷ নবীনদের কাজ দেখার জন্য আগ্রহ নিয়ে শিল্পানুরাগীরা হাজির হয়েছেন চিত্রশালায়৷ সব মিলিয়ে হয়ে উঠেছে বর্ণাঢ্য সৃজন আয়োজন৷ প্রদর্শনী শেষ হবে ২৫ জুন৷ খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।