নবীন শিল্পীর জন্য এবার থাকছে স্বর্ণপদক

তরুণ চারুশিল্পীদের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। ১৮৮ জন শিল্পীর ১৮০টি চিত্রকর্ম, ৩০টি ভাস্কর্য, আটটি স্থাপনাশিল্প, সাতটি ভিডিও স্থাপনাশিল্প ও দুটি পারফর্মিং আর্টসহ মোট ২২৭টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী চলবে ৯ জুন পর্যন্ত। স্বর্ণপদক দেওয়া হবে শ্রেষ্ঠ নবীন শিল্পীকে ।
একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ মঙ্গলবার একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস ও প্রযোজনা বিভাগের পরিচালক ইকবাল হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিবার্ষিক-বার্ষিক এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এক লাখ টাকা মূল্যমানের ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার’, চিত্রকর্ম, ছাপচিত্র ও মিশ্র মাধ্যমে ৭৫ হাজার টাকা মূল্যমানের তিনটি শ্রেষ্ঠ পুরস্কার এবং ৫০ হাজার টাকা মূল্যমানের চারটি সম্মাননা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া এবার শ্রেষ্ঠ শিল্পীকে স্বর্ণপদক দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
১৯৭৫ সালের ১৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করা এ প্রদর্শনীতে এবার ৪৬৪ জন নবীন শিল্পীর মোট ১ হাজার ২০টি শিল্পকর্ম থেকে ২২৭টি শিল্পকর্ম বাছাই করা হয়েছে।