নবীনদের কণ্ঠে বাংলার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে বাংলার ঐতিহ্য হাজার বছরের। দেশের বিভিন্ন অঞ্চলের রয়েছে নিজস্ব সুর ও বাণী। এত বৈচিত্র্যময় সংগীতসম্ভার থাকা সত্ত্বেও বর্তমান সময় দেখা দিয়েছে বিদেশি গান অনুকরণের অন্ধপ্রবণতা। এমন পরিস্থিতিতে বেঙ্গল ফাউন্ডেশন দেশীয় সংগীতের বিকাশ ও সম্ভাবনাময় শিল্পীদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ‘বেঙ্গল বিকাশ’ কার্যক্রম শুরু করে। সেই কার্যক্রম থেকে বেরিয়ে আসেন বেশ কিছু প্রতিভাবান শিল্পী। গতকাল বুধবার বিকেলে প্রতিভাবান এই শিল্পীদের গাওয়া গান নিয়ে প্রকাশিত পাঁচটি অডিও সিডির মোড়ক উন্মোচন করা হলো।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, লোক ও আধুনিক গানের এই পাঁচটি অডিও সিডির মোড়ক উন্মোচন করেন কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রামকানাই দাশ, শাহীন সামাদ ও মিতা হক। ঢাকঢোলের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর মোড়ক উন্মোচন। অ্যালবামের পরিচিতি তুলে ধরেন আয়োজকেরা। পরে ছিল গান। রবীন্দ্রসংগীত পর্বে সুকান্ত চক্রবর্তী ‘তোমার খোলা হাওয়া’, ফারহিন নুসরাত ‘আমার মন মানে না’ ও আদৃতা আনোয়ার ‘যদি হায় জীবনপূরণ’ গানগুলো শোনান। সুমা রানী রায় অতুলপ্রসাদের ‘আমি অলকে পরিতে’ ও নিলুফার জাহান রজনীকান্তের ‘বেলা যে ফুরায়ে যায়’ পরিবেশন করেন। নজরুলসংগীত গেয়ে শোনান চম্পা বণিক, শহিদ কবির, দেবশ্রী অন্তরা দাস ও অনিন্দিতা চৌধুরী। তাঁদের পরিবেশনায় ছিল ‘অরুণকান্তি কে গো’, ‘বধূ তোমার আমার’, ‘রুমঝুম বাদল আজি’, ‘সাঁঝের পাখিরা ফিরিল’ ইত্যাদি। নাহিদ সুলতানা ‘কোন দূর স্বপ্নলোকে’, শিমু দে ‘আকাশের রং দিয়ে’ ও আরিফুজ্জামান ‘তুমি তো বলেছিলে ভুলে’ আধুনিক গান পরিবেশন করেন। লোকসংগীত পরিবেশন করেন সফিউল আলম, মারুফ হাসান, হালিমা পারভীন, আরিফুর রহমান, শীলা দাশ, বিমান চন্দ্র বিশ্বাস প্রমুখ। তাঁদের পরিবেশনায় ছিল ‘প্রাণ বন্ধু আসিয়া কাছে তে’, ‘হাতে ধরি ললিতা গো’, ‘আমি যারে বাসি ভালো’, ‘বড় সংকটে পড়িয়া দয়াল’, ‘মুই বাজাং মোর সাধের’—এসব গান।নারীকে উত্ত্যক্ত করা রোধে সারা দেশে গান করবে এলআরবি ও মাইলস নারীকে উত্ত্যক্ত করার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে গান করবে জনপ্রিয় ব্যান্ড এলআরবি ও মাইলস। বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ দেশব্যাপী এই দুটি ব্যান্ডের কনসার্টের আয়োজন করেছে। ‘প্রাণ আপ হাতে নাও ইভ টিজিং রুখে দাও’ স্লোগান নিয়ে প্রাণ আপ কনসার্ট শুরু হতে যাচ্ছে ২৫ ডিসেম্বর রাজশাহী জেলা স্টেডিয়ামে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, হামিন আহমেদ, প্রাণ গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ফারহান রশিদ প্রমুখ। তাঁরা বলেন, নারীকে উত্ত্যক্ত করা প্রতিহত করতে সামাজিক সচেতনা বৃদ্ধির জন্য সমাজের প্রতিটি দায়িত্ববান মানুষকেই তাঁর নিজ অবস্থান থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই তারুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ১০টি জেলা শহরে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে পয়লা বৈশাখে ঢাকায় এ কর্মসূচি শেষ হবে। মাঝে কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, সিলেট, চট্টগ্রাম, যশোর ও খুলনায় গান করবেন শিল্পীরা। উদীচীর সপ্তদশ জাতীয় সম্মেলনের প্রস্তুতি সম্পন্নআগামী ২৪ ও ২৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উদীচীর সপ্তদশ জাতীয় সম্মেলন। ২৪ ডিসেম্বর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা মায়েরা। উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সোহ্রাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে। সম্মেলনের বাকি কার্যক্রম হবে শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে। সম্মেলনে কাউন্সিল অধিবেশন ছাড়াও উভয় দিনই সন্ধ্যা ছয়টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল জাতীয় প্রেসক্লাবে উদীচী আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।কলকাতায় ‘লোকজ কথার রঙিন বুনন’আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, কলকাতায় বাংলাদেশের চিত্রকর আবদুস শাকুর শাহর আঁকা ছবির ওপর লোকজ ডিজাইনের এক প্রদর্শনী ‘লোকজ কথার রঙিন বুনন’ শুরু হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। এই প্রদর্শনী চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। এ দিন সন্ধ্যায় কলকাতার বিড়লা একাডেমিতে এই প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান, কলকাতার প্রখ্যাত চিত্রকর বিজন চৌধুরী, রবীন মণ্ডল, রুবিপাল চৌধুরী ও অমিতাভ সেনগুপ্ত। এই প্রদর্শনীতে শিল্পী শাকুরের ৩৯টি চিত্রের ওপর ৪৩টি লোকজ শিল্পের ডিজাইন রয়েছে। প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতার আর্ট ট্রাস্ট ও ঢাকার মিথ শপ যৌথভাবে। সিলেটে আজ থেকে ‘রানওয়ে’র প্রদর্শনীসিলেট প্রতিনিধি জানিয়েছেন, সিলেটে আজ বৃহস্পতিবার তারেক মাসুদ পরিচালিত রানওয়ে ছবির প্রদর্শনীর শুরু হচ্ছে। গতকাল বুধবার নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।মতবিনিময়কালে তারেক মাসুদ জানান, শ্রুতিচিত্র ও প্রান্তিক পর্ষদ সিলেটের যৌথ উদ্যোগে সিলেট মিলনায়তনে তিন দিনব্যাপী এই প্রদর্শনী হবে। প্রতিদিন তিনটি করে প্রদর্শনী হবে। রানওয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক নরসুন্দর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।