
মেঘলা সকালটা গড়িয়েছে দুপুরের পথে। চারুকলার জয়নুল গ্যালারি-২ থেকে ততক্ষণে বিদায় নিয়েছেন অতিথিরা। আছে শুধু জলরঙে আঁকা ছবিগুলো, সেগুলোর শিল্পী ইসকিন্দার মির্জা এবং কজন কাছের মানুষ।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হয়েছে ইসকিন্দারের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘বাংলার জলরং-এর ছোঁয়া’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ থেকে সম্প্রতি তিনি শেষ করেছেন এমএফএ। এতটা দিন তো দেখা হলো কত, পড়াও হলো। এবার নিজেকে প্রকাশের লগ্ন। এরই মধ্যে তিনি জলরঙে এঁকে ফেলেছেন অনেকগুলো ছবি। সেগুলোর ২৯টি চিত্রকর্ম নিয়েই এই প্রদর্শনী। সেটি উদ্বোধন করে গেলেন তাঁর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এসেছিলেন সহ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমেদ, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আযীয।
চিত্রকলার এই নবীন শিল্পী জলরঙে কাজ করতে পছন্দ করেন। নিজের সম্পর্কে তিনি জানালেন ওয়াশ টেকনিকে তাঁর বিশেষ পারদর্শিতার কথা। রঙের প্রথম প্রলেপেই ছবির ৭০ শতাংশ কাজ শেষ করে ফেলতে পারেন তিনি। গ্যালারি ঘুরে ঘুরে তাঁর কিছু ছবি দেখে মনে হলো, ঘোড়া ভালোবাসেন তিনি। প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁর আঁকা বেশ কয়েকটি মায়ামাখা ঘোড়ার মুখ। নিসর্গ লতা-পাতা-ফুল-পাখিও আছে। আছে রঙের প্রলেপে মানুষের গড়নের কাজ। ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঘুরে আসা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই প্রদর্শনী।