
সারা রাত ধরে উচ্চাঙ্গসংগীতের সুরে মগ্ন হয়ে থাকার আয়োজন শুরু হচ্ছে আবার। বেঙ্গল ফাউন্ডেশন এবং কলকাতার সংগীত রিসার্চ একাডেমি (এসআরএ) দ্বিতীয়বারের মতো আয়োজন করছে উচ্চাঙ্গসংগীত উৎসব।
আগামী ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চার দিনের এই উৎসব হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। গত বছরও একই সময়ে প্রথমবারের মতো চার দিনের এই উৎসব হয়েছিল। এবারও উৎসবের সার্বিক সহযোগিতা দিচ্ছে প্রথম আলো। সহযোগিতায় রয়েছে দ্য ডেইলি স্টার। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আইস মিডিয়া। রেডিও পার্টনার এবিসি রেডিও এবং সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।
গতকাল রোববার সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, এসআরএর নির্বাহী পরিচালক রবি মাথুর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, দ্য ডেইলি স্টার পত্রিকার সংস্কৃতি সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, গত বছর চার দিনের উৎসবে প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার শ্রোতা সারা রাত ধরে উচ্চাঙ্গসংগীত শুনেছেন। এত মানুষ এত আগ্রহে উচ্চাঙ্গসংগীত শুনবেন, তা ছিল তাঁদের কাছে অভাবিত। গতবারের উৎসবের সাফল্যেই দ্বিতীয়বার এমন উৎসবের আয়োজন করা হচ্ছে।
এবারও উপমহাদেশের স্বনামখ্যাত অর্ধশত শিল্পী এবং বাংলাদেশের শিল্পীরা উৎসবে অংশ নেবেন। এবারের উৎসবে নতুন যাঁরা অংশ নেবেন তাঁদের মধ্যে থাকবেন বিখ্যাত সেতারবাদক রাইস খান, কর্ণাটক সংগীতের শিল্পী বম্বে জয়শ্রী, রুদ্র বীণাবাদক বাহাউদ্দিন ডাগর ও তবলাবাদক স্বপন চৌধুরী। এ ছাড়া গতবারে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে থাকবেন বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, বিদুষী কৌশিকী দেশিকান, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত রাজন ও সাজন মিশ্র, পূর্বায়ণ চ্যাটার্জি।
বাংলাদেশের শিল্পীদের মধ্যে থাকবেন কণ্ঠসংগীতে অসিত দে ও মণিপুরি নাচে তামান্না রহমান ও তাঁর দল। এ ছাড়া চারজন তবলাবাদকও থাকবেন। গতবার উৎসব উৎসর্গ করা হয়েছিল ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতির প্রতি। এবার চার দিনের অধিবেশন চারজন সংগীতজ্ঞকে উৎসর্গ করা হবে।
এবারও শ্রোতারা বিনা মূল্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন অনলাইন নিবন্ধনের মাধ্যমে। নভেম্বর মাসের প্রথম থেকে নিবন্ধন শুরু হবে। বিস্তারিত নিয়মাবলি জানা যাবে www.bengalfoundation.org এবং www.facebook.com/bfmusicfest সাইটে।
রবীন্দ্র-নজরুল স্মরণ
চারণ সাংস্কৃতিক কেন্দ্র গতকাল রোববার বিকেলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের আহ্বায়ক জাহেদুল হক।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও শিল্পী মাহমুদুজ্জামান বাবু। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী স্বাতি সরকার, নৃত্য পরিবেশন করেন শিল্পী মুনমুন আহমেদ ও তাঁর দলের শিল্পীরা এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।