নভেম্বরে প্যারিস
রাজধানীর ধানমন্ডির ফরাসি সংস্কৃতি চর্চাকেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘নভেম্বর ইন প্যারিস’ (নভেম্বরে প্যারিস) শিরোনামে প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক সুমন ইউসুফের একক আলোকচিত্র প্রদর্শনী চলছে। ঢাকার ফরাসি দূতাবাসের আয়োজনে ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
সুমন ইউসুফ বলেন, একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে গত বছরের নভেম্বরে প্যারিসে অবস্থান করছিলেন তিনি। ক্যামেরায় ধারণ করছিলেন প্যারিসের চিরায়ত রূপ। এরই মধ্যে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। রক্তক্ষয়ী সেই ঘটনার নিদারুণ বেদনাও স্থিরচিত্রে বন্দী করেন তিনি। নভেম্বরে প্যারিসের অভিজ্ঞতা নিয়েই এই প্রদর্শনী।

প্রদর্শনীতে একটি মাল্টিমিডিয়া দেখানো হচ্ছে। প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রসহ অন্য কিছু ছবির সমন্বয়ে মাল্টিমিডিয়াটি তৈরি করেছেন স্থপতি ও আলোকচিত্রী তূর্যয় চৌধুরী। আলোকচিত্র প্রদর্শনীর কিউরেটর হিসেবেও কাজ করছেন তিনি।