নভেম্বরে মিমির ‘ক্যাম্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, আফসানা মিমি তাঁর ক্যাম্প ছবির কাজ শুরু করবেন অক্টোবর মাসে। কিন্তু ঈদের কারণে ছবির কাজ কিছুটা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানালেন, আগামী ১০ নভেম্বর ছবির কাজ শুরু করবেন, আর কাজ হবে সিলেটের শ্রীমঙ্গলে। মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্প উপন্যাস অবলম্বনে তৈরি হবে ছবিটি। মিমি জানান, এরই মধ্যে শুটিংয়ের লোকেশন চূড়ান্ত হয়েছে এবং চিত্রনাট্যও চূড়ান্ত করা হয়েছে।ছবিতে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, ইন্তেখাব দিনার, রাহুল আনন্দসহ আরও অনেকে।এদিকে সম্প্রতি ছবির অন্যতম ‘ফজল’ চরিত্রের অভিনয়শিল্পীর জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। মিমি জানান, বিজ্ঞাপনটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছেন তাঁরা। বিভিন্ন পর্যায়ের বাছাই-প্রক্রিয়ার পর দুজনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তাঁরা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র—ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের আশীষ বসু ও স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের হাফিজ লিটু।মিমি বলেন, ‘চিত্রনাট্য শুটিংয়ের জন্য পুরোপুরি তৈরি হলেই আমরা ওই দুজনকে নিয়ে মহড়া শুটিং করব। সেখান থেকে একজনকে ফজল চরিত্রের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। ছবিতে ফজল চরিত্রটির দুটি রূপ দেখানো হবে। একটি ১৯৭১ সালের, অন্যটি ২০১১ সালের। মক শুটিংয়ে যিনি দ্বিতীয় হবেন, তিনি ২০১১ সালের ফজল চরিত্রে অভিনয় করবেন।’মিমি জানান, এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদের জন্য আবেদন করেছেন তিনি। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন।