নভেম্বরে হচ্ছে ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো বিপুল পরিসরে আয়োজিত হতে যাচ্ছে চার দিনের উচ্চাঙ্গসংগীত উৎসব। এ উৎসবে ভারত ও বাংলাদেশের প্রায় অর্ধশত প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতজ্ঞ অংশ নেবেন। ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১২’ নামের এই আয়োজন শুরু হবে আগামী ২৯ নভেম্বর। যৌথভাবে এর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমি। উৎসব উৎসর্গ করা হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।গতকাল রোববার সকালে এ উপলক্ষে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে উৎসব এবং উচ্চাঙ্গসংগীতের চর্চা ও বিকাশ সম্পর্কে বেঙ্গল ও আইটিসি এসআরএর উদ্যোগ নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সম্মেলনে আইটিসি এসআরএর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক রবি মাথুর, সংগীত রিসার্চ একাডেমির ওস্তাদ মশকুর আলী খান, পণ্ডিত উলহাস কশলকার। এ ছাড়া বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, মাছরাঙা টেলিভিশনের সিইও ফাহিম মুনয়েম, দ্য ডেইলি স্টার পত্রিকার সংস্কৃতি সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। এ উৎসবের সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো। সহযোগী হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার। মিডিয়া পার্টনার আইস মিডিয়া, রেডিও সহযোগী এবিসি রেডিও এবং সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের চর্চা অব্যাহত রাখা ও প্রচার-প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমি একটি দীর্ঘমেয়াদি সমঝোতায় উপনীত হয়েছে। এই পরিকল্পনার আওতায় এ বছরের ফেব্রুয়ারি থেকে সংগীত রিসার্চ একাডেমীর শিল্পী ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে ঢাকায় ও ঢাকার বাইরে দ্বিমাসিক সংগীতানুষ্ঠান শুরু হয়েছে। এ ছাড়া দেশের মেধাবী উচ্চাঙ্গসংগীতের শিল্পী-শিক্ষার্থীদের নিয়ে সংগীতবিষয়ক কর্মশালা আয়োজন ও বৃত্তি দেওয়া এবং সংগীত রিসার্চ একাডেমির সহযোগিতায় উচ্চাঙ্গসংগীতে গুরুকুল পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য পরম্পরা সংগীত একাডেমি প্রতিষ্ঠাও রয়েছে কর্মসূচির অন্তর্গত। গত ২৮ এপ্রিল বেঙ্গল শিল্পালয়ে আইটিসি সংগীত রিসার্চ একাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর ও প্রখ্যাত সংগীতগুরু পণ্ডিত অজয় চক্রবর্তীর উপস্থিতিতে এই মর্মে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।সম্মেলনে জানানো হয়, এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামী নভেম্বরে উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনের মধ্য দিয়ে বড় পরিসরের বাৎসরিক সংগীত উৎসব আয়োজন করা হবে। প্রতিবছর একই সময়ে এই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আর্মি স্টেডিয়ামে উৎসব শুরু হবে সন্ধ্যা ছয়টায়। প্রথম দুই দিন সন্ধ্যা থেকে ভোর চারটা পর্যন্ত এবং ১ ও ২ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান হবে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। এ জন্য আগ্রহী শ্রোতাদের ইন্টারনেটে কিংবা বেঙ্গল গ্যালারি (ধানমন্ডি), বেঙ্গল সেন্টার (উত্তরা), অরণ্য (বনানী) ও বেঙ্গল আর্ট লাউঞ্জে (গুলশান) বিনা মূল্যে নাম নিবন্ধন করতে হবে। অনুষ্ঠানের শুরুতেও আসরে একই পদ্ধতিতে নিবন্ধন করা যাবে। আগামী মাসে অনলাইন নিবন্ধন শুরু হবে। বিস্তারিত জানা যাবে www.bengalfoundation.oৎg, www.bengalfoundation.oৎg, এবং www.facebook.com/ bfmusicfest, www.facebook.com/bfmusicfest ওয়েবসাইটে।রবি মাথুর জানান, বাংলাদেশের পাশাপাশি ভারতেও আইটিসি প্রতিবছর যেসব উচ্চাঙ্গসংগীতের উৎসব করে থাকে, সেখানেও এখন থেকে বাংলাদেশের শিল্পীরা অংশ নেবেন। এ ছাড়া বাংলাদেশের ঐতিহ্যবাহী সমৃদ্ধ লোকসংগীতও বিভিন্ন উৎসবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।ওস্তাদ মশকুর আলী খান বলেন, বাংলাদেশের উচ্চাঙ্গসংগীতের ঐতিহ্য অত্যন্ত পুরোনো ও সমৃদ্ধ। উভয় দেশের শিল্পীদের আদান-প্রদান ও গুরুপরম্পরার শিক্ষার মধ্য দিয়ে যেমন উচ্চাঙ্গসংগীতের চর্চা প্রসারিত হবে, তেমনি দুই দেশের জনগণের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে। পণ্ডিত উলহাস কশলকার বলেন, ভারত ও বাংলাদেশের উচ্চাঙ্গসংগীতের ধারা আলাদা কিছু নয়। এ দেশে অনেক বড় মাপের শিল্পীর জন্ম হয়েছে। তিনি আগের সফরের অভিজ্ঞতার উল্লেখ করে বেলেন, বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে অনেক সম্ভাবনাময় শিল্পী রয়েছে। তাদের দীর্ঘমেয়াদে উপযুক্ত তালিম দিলে এখান থেকে অনেক বড় মাপের সংগীতজ্ঞ বেরিয়ে আসবে।আবুল খায়ের বলেন, উচ্চাঙ্গসংগীতের স্রোতা সৃষ্টি ও চর্চার বিকাশে তাঁদের অনেক বড় পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিবছর আইটিসির সঙ্গে উচ্চাঙ্গসংগীত উৎসব, বাংলাদেশের শিল্পীদের নিয়ে ভারতেও অনুরূপ উৎসব আয়োজন এবং ঢাকায় সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করে গুরুকুল পদ্ধতিতে শিক্ষাদান। বড় উৎসব ছাড়াও প্রতি দুই মাস অন্তর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান করা হবে।