নভেম্বরে ‘সিসিমপুর মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে ছোটদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুর আজ থেকে নতুন বছর শুরু করছে। এ উপলক্ষে আয়োজন করা হচ্ছে ‘সিসিমপুর মেলা’। বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। মেলায় থাকবে ছোটদের জন্য নানা স্টল ও খেলার আয়োজন। সঙ্গে থাকবে সিসিমপুর অনুষ্ঠানের জনপ্রিয় চরিত্রগুলোকে কাছ থেকে দেখা এবং তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ।বাংলাদেশে সিসিমপুর অনুষ্ঠানটি নির্মাণ করছে নয়নতারা কমিউনিকেশন। নতুন বছরে সিসিমপুর অনুষ্ঠানের ভাবনার ব্যাপারে এই প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী পরিচালক শান্তিময় চাকমা বললেন, ‘নতুন বছরের ৫২টি পর্বে প্রকৃতির ওপর ছোটদের সচেতনতা বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও কৌশল নিয়েও থাকবে নানা কিছু। আর নিয়মিত বিভাগগুলো তো থাকছেই।’পরিচালক জানালেন, বিভিন্ন পর্বে থাকবেন অতিথি। তাঁদের মধ্যে আছেন আলী যাকের, সারা যাকের, আইনুন নিশাত, শিশির ভট্টাচার্য্য, সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, ফজলুর রহমান বাবু, জয়া আহসান, তামান্না রহমান, তানভীর হোসেন প্রমুখ।এবার নতুন চরিত্র হিসেবে যোগ হচ্ছে ব্যাঙ, পাখি ও বানর।বিটিভিতে সিসিমপুর অনুষ্ঠানটি দেখানো হয় প্রতি শুক্রবার সকাল নয়টা পাঁচ মিনিটে। আর এই পর্বটি পুনঃপ্রচার করা হয় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে। শান্তিময় চাকমা আরও জানান, আগে সিসিমপুর অনুষ্ঠানটি সপ্তাহে তিনবার পুনঃপ্রচার করা হতো। নতুন বছরে শুধু বৃহস্পতিবার পুনঃপ্রচার করা হবে। আর ক্রিকেট খেলা সরাসরি সম্প্রচার হওয়ায় এ মাসে সিসিমপুর দেখানো হবে শুক্রবার সকাল সাড়ে আটটায়। আজ অতিথি থাকবেন ফজলুর রহমান বাবু। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক রতন পাল।