নভেম্বরেই জিআইএমএ পুরস্কার
আগামী ১০ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস (জিআইএমএ)। মুম্বাইয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র এবং চলচ্চিত্রের বাইরের জনপ্রিয় গানগুলোকে নির্বাচন করা হবে। চলচ্চিত্র ক্যাটাগরিতে মোট ১১টি ও অ্যালবামের গানের ক্ষেত্রে ১০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডে পাইরেসি রোধে সেরা উদ্যোগের জন্যও থাকছে একটি পুরস্কার।এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে এরই মধ্যে ৯৪০টি গান জমা পড়েছে। যার মধ্যে ২২৩টি অ্যালবামের ও ছয়টি চলচ্চিত্রের গান। চলচ্চিত্রগুলো হচ্ছে থ্রি ইডিয়টস, কার্তিক কলিং কলিং, কামিনে, ইশকিয়া, লাভ আজকাল ও আজব প্রেম কি গজব কাহিনি।এ ছাড়াও কিংবদন্তি এবং এই প্রজন্মের শিল্পীদের মধ্যে যাঁরা প্রথম গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছেন তারা হলেন: উস্তাদ রশিদ খান, উস্তাদ জাকির হোসাইন, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, শুভা মুদগাল, লতা মুঙ্গেশকার, কৈলাশ খের, মৌহিত চৌহান, পূর্ণিমা চৌধুরী প্রমুখ।