নভেরায় ডুবে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে গতকাল মঞ্চস্থ হয় নাটক নভেরা l ছবি: সংগৃহীত
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে গতকাল মঞ্চস্থ হয় নাটক নভেরা l ছবি: সংগৃহীত

উম্মে রেহানা অনূদিত মার্কিন কবি অ্যান সেক্সটনের লেখা একটি কবিতা দিয়ে শুরু হয় নাটকটি। পাঁচ মিনিট ধরে চলল কবিতা। শুরুর কবিতাটিই দর্শকদের মনোযোগ কেড়ে নেয়। এরপর একনাগাড়ে এক ঘণ্টা পাঁচ মিনিট ডুবে থাকা নভেরা নাটকে।
বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ। প্রায় ৪২ বছর লোকচক্ষুর অন্তরালে থাকা প্যারিসে লোকান্তরিত বাংলাদেশের প্রথম নারী ভাস্করের জীবনী নিয়ে মঞ্চনাটক নভেরা। গতকাল শনিবার রাতে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দ্বিতীয়বারের মতো মঞ্চায়িত হলো এটি। একক অভিনয়ের এই নাটকে মহান এই শিল্পীর জীবনসংগ্রামের গল্প তুলে ধরেন ঢাকা থিয়েটারের নাট্যকর্মী সামিউন জাহান দোলা। নাটক মঞ্চায়নের আগে কথা হয় শিল্পীর সঙ্গে। জানালেন, নভেরাকে কেন্দ্র করে লেখা বইসহ বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন, নিবন্ধ, পরিচিতজনদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে নভেরা নাটকটি লেখা হয়েছে।
ধ্রুপদি অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন স্কুল প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ ও সংগীত পরিচালনা করেছেন কেয়া চৌধুরী। নাটকটির কাহিনিতে উঠে এসেছে ১৯৪৫ সাল থেকে নভেরা আহমেদের মৃত্যুর আগ পর্যন্ত তাঁর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা।