নরওয়েতে গান করবে চিরকুট
গত বছরের নভেম্বর মাসে ভারতের কয়েকটি শহরে কনসার্টে গান গেয়েছিল চিরকুট। এরপর এ বছরের ফেব্রুয়ারি মাসে চিরকুট গান গেয়েছে শ্রীলঙ্কায়। এবার ব্যান্ডটি গান গাইতে যাচ্ছে নরওয়েতে। কনসার্টগুলো অনুষ্ঠিত হবে নরওয়ের ছয়টি শহরে। আয়োজন করছে রিকসকনসার্টেন নরওয়ে। আমন্ত্রণ তো অনেক আগেই এসেছে, এবার এসেছে উড়োজাহাজের টিকিটও। আর তাই চিরকুট ব্যান্ডের সব সদস্য এখন দারুণ রোমাঞ্চিত।নরওয়ে সফর নিয়ে কথা হলো চিরকুটের সদস্য সুমীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের নরওয়ে সফর শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। ওই দিন আমরা গান করব অসলোতে। এরপর ৬ অক্টোবর পর্যন্ত বারগেন, মোল্ডে, ট্রনহেইম, লোফোটেন ও বোডো শহরে গান করব। কনসার্টে গান গাওয়ার পাশাপাশি আমরা কর্মশালায় অংশ নেব। বাংলাদেশের ব্যান্ড-সংগীতের চর্চা নিয়ে কর্মশালায় কথা বলব। এ ছাড়া নরওয়ের জনপ্রিয় ব্যান্ড কাসা মুরিলোর সঙ্গে গান রেকর্ড করারও কথা আছে। পুরো ব্যাপারটি আমাদের জন্য খুবই আনন্দের।’সুমী জানান, সম্প্রতি কাসা মুরিলো ঢাকা সফরে এসেছিল। তখন কাসা মুরিলোর ‘ইউ অ্যান্ড ইয়োর ব্রাদার’ গানের সঙ্গে চিরকুট ‘কানামাছি’ গানটির ফিউশন করে। গানটি ইউটিউবে দেওয়ার পর স্পটিফাই থেকে চিরকুটের সঙ্গে যোগাযোগ করা হয়। ইউরোপে চিরকুটের গান বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আগ্রহী স্পটিফাই।এদিকে চিরকুট এখন দারুণ ব্যস্ত তাদের নতুন অ্যালবাম নিয়ে। সুমী জানান, এবার ঈদেই চিরকুট তাদের দ্বিতীয় অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাজও প্রায় শেষ। ডিজিটাল ও অডিও সিডি আকারে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা আছে তাঁদের।