
অন্ধকারের ভেতর থেকে শোনা যায় নরেন বিশ্বাসের কণ্ঠ। গুণী মানুষটির নামে কণ্ঠশীলন সম্মাননা জানালেন শিল্পী ফেরদৌসী মজুমদারকে, এ উপলক্ষেই আয়োজন। বাচিক শিক্ষকের সম্মানে একটি আবৃত্তিসন্ধ্যা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ছায়ানটের মিলনায়তনে ছিল ‘নরেন বিশ্বাস পদক-২০১৬’ প্রদানের অনুষ্ঠান। ফেরদৌসী মজুমদারের হাতে পদক তুলে দেন কণ্ঠশীলনের সভাপতি সন্জীদা খাতুন, চেক তুলে দেন তোফাজ্জল হোসেন মিয়া। বক্তব্য দেন সংস্কৃতিজন মফিদুল হক, রামেন্দু মজুমদার ও সন্জীদা খাতুন। সম্মাননা অনুভূতি জানাতে এসে ফেরদৌসী মজুমদার বলেন, দেশের যেকোনো অঞ্চলের মানুষই শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন। যদি কেউ বলেন যে তাঁরা পারবেন না, সেটা ঠিক নয়। শুদ্ধ উচ্চারণ ভীষণ জরুরি। এ প্রসঙ্গে নিজের পরিবারের গল্প শোনান তিনি। নোয়াখালীর মানুষ হয়েও কীভাবে তাঁর বাবা তাঁদের শুদ্ধ উচ্চারণ শিখিয়েছেন। নোয়াখালীর ভাষায় বলা তাঁর ছেলেবেলার সেসব গল্পই হয়ে ওঠে একটি অনবদ্য পরিবেশনা।
পদক প্রদানের পর দ্বিতীয় পর্বে ছিল একক আবৃত্তি। আবৃত্তি করেন ফখরুল ইসলাম তারা, ইভা মন্ডল, নায়লা তারান্নুম কাকলী, ইকবাল খোরশেদ, মেহেদী হাসান, হাসিব বিল্লাহ, লুৎফা বিনতে রব্বানী, মাসুদুজ্জামান, ইসরাত মিম্মি প্রমুখ।