নরেন বিশ্বাসকে স্মরণ কণ্ঠশীলনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠশীলনের অনুষ্ঠানে অঞ্জলি বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাইয়ুম চৌধুরী l ছবি: প্রথম আলো
কণ্ঠশীলনের অনুষ্ঠানে অঞ্জলি বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাইয়ুম চৌধুরী l ছবি: প্রথম আলো

ছোট্ট ছিমছাম একটি অনুষ্ঠান। জন্মদিনে বাকশিল্পী নরেন বিশ্বাসকে স্মরণ। আয়োজন করেছিল কণ্ঠশীলন। কণ্ঠশীলনের আহ্বায়ক কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত নরেন বিশ্বাসের স্ত্রী অঞ্জলি বিশ্বাস। ছিল কবিতা, গান ও স্মৃতিচারণা। যাঁরা বিভিন্ন সময় নরেন বিশ্বাসের সাহচর্য পেয়েছেন, তাঁরা স্মৃতিচারণা করলেন। স্মৃতিচারণার ফাঁকে ফাঁকেই ছিল আবৃত্তি ও গান।
গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় ছায়ানট ভবনের পঞ্চম তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঞ্চালক জহিরুল হক খানের আবৃত্তি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর কণ্ঠশীলনের প্রথম আবর্তনের শিক্ষার্থী এনায়েত কাজল, দ্বিতীয় আবর্তনের জাহীদ রেজা নূর ও আবুল কাশেম স্মৃতিচারণা করেন। স্মৃতিচারণায় কণ্ঠশীলনের স্বপ্ন ও বিশ্বাস বিষয়ে নরেন বিশ্বাস ছাড়াও ওয়াহিদুল হক ও বিপ্লব বালার অবদানের কথা উঠে আসে। অধ্যাপক নারায়ণ বিশ্বাস নরেন বিশ্বাসের বইগুলোতে তাঁর যুক্ততার বর্ণনা দেন। আবৃত্তি করেন ইভা মণ্ডল, লিটন ও প্রদীপ আগারওয়াল। ‘তোমার খোলা হাওয়ায়’ ও ‘মাঝে মঝে তব দেখা পাই’ গান দুটি পরিবেশন করেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা।
সভাপতির ভাষণে কাইয়ুম চৌধুরী বলেন, ‘কণ্ঠশীলন একটি অস্থির সময় কাটাচ্ছে। খুব শিগগিরই এই অন্ধকার কেটে যাবে। সত্যের জয় হবেই।’ অঞ্জলি বিশ্বাস বলেন, নরেন বিশ্বাস সারাজীবন উচ্চারণ নিয়ে কাজ করে গেছেন। তাঁর প্রিয় কণ্ঠশীলন নিয়ে যেন সমস্যা কাটিয়ে উঠতে পারে।