নর্দমার দুর্গন্ধ ‘বাড়িছাড়া’ করল পিট-জোলিকে
ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি হয়তো ভেবেছিলেন লন্ডনে নিজের বাড়িতে থেকেই এবারে রানি এলিজাবেথের ‘ডায়মন্ড জুবিলি’ অনুষ্ঠানটি উদযাপন করবেন। কিন্তু বাগড়া বাধিয়েছে বাড়ির নর্দমা! এর জল আর ময়লা জমে যে দুর্গন্ধ সারা বাড়িতে ছড়িয়েছে, কার সাধ্য সে সুগন্ধের মধ্যে বাড়িতে থাকে! আপাতত তাই ৬ সন্তানসহ ‘বাড়িছাড়া’ হয়েছেন পিট-জোলি দম্পতি।বলা চলে নর্দমার দুর্গন্ধে নিজের শখের বাড়িটি ছাড়তে রীতিমতো বাধ্যই হয়েছেন এ দম্পতি। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সান। ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, ব্র্যাড পিট আর জোলি ভেবেছিলেন তাঁদের ছয় সন্তানসহ রানি এলিজাবেথের সিংহাসন আরোহণের হীরকজয়ন্তীর উত্সবটি ভালোভাবেই উদযাপন করতে পারবেন। সে জন্যই তাড়াতাড়ি এ লন্ডনের বাড়িতে ওঠা। বাচ্চারাও রানির এ উত্সবটি নিয়ে নানা রকম কল্পনায় বিভোর ছিল। কিন্তু বিধি বাম! নর্দমার যন্ত্রণায় বাচ্চা-কাচ্চাসহ আপাতত পাশের একটি এলাকায় ঠাঁই নিয়েছেন হলিউডের এই জনপ্রিয় তারকা দম্পতি।নর্দমা সাফসুতরো না করা আর অসহনীয় এই দুর্গন্ধ দূর করার আগ পর্যন্ত পিট-জোলি এক অর্থে তাই বাড়িছাড়াই বলা যায়!