নসরাত জুহুরীর মাথায় ক্ষুদে গানরাজের মুকুট
অন্ধকারে ফুটে উঠল আলোর দীপ্তি। আঁধারে ডুবে গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় স্টেডিয়াম। কয়েক সেকেন্ড মাত্র। তারপর উদ্ভাসিত হলো আলোর ফেয়ারা। আতশবাজির বর্ণাঢ্য আলোকচ্ছটা ও শব্দের সঙ্গে একঝাঁক খুদে তারকার গান আর নাচে মুগ্ধ স্টেডিয়ামের দর্শক।গতকাল বৃহস্পতিবার রাতে এই জমকালো আয়োজনে এবার মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজের শিরোপা জিতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নসরাত জুহুরী। সে পেয়েছে নগদ পাঁচ লাখ টাকার পুরস্কার। যৌথভাবে দ্বিতীয় হয়েছে সানজানা তাবাসসুম ও রাজু আহমেদ। তৃতীয় স্থানেও দুজন—তানিশা ইসলাম ও অপূর্ব বাসনা। বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শক বিপুল করতালিতে তাদের অভিনন্দন জানায়। এবারের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও অভিনয়শিল্পী মেহের আফরোজ।সন্ধ্যা থেকেই স্টেডিয়াম ছিল দর্শকে ভর্তি। নানা বয়সী প্রায় অর্ধশত যন্ত্রীর বাদ্যযন্ত্রের তালে তালে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশুশিল্পীদের সমবেত নৃত্য। স্বাগত বক্তব্য দিতে মঞ্চে আসেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও মেরিডিয়ানের ব্যবস্থাপনা পরিচালক কামাল পাশা। এরপর গত বছরের ১১ জন এবং এ বছরের ১১ জন খুদে শিল্পী ‘দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে’ গানটি পরিবেশন করে।সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে একে একে মঞ্চে আসে এবারের সেরা পাঁচ খুদে শিল্পী তানিশা ইসলাম, নসরাত জুহুরী, রাজু আহমেদ, সানজানা তাবাসসুম ও অপূর্ব বাসনা। তারা নিজেদের পছন্দের গানসহ নানা ধরনের গান গেয়ে শোনায়। গানগুলোর মধ্যে ছিল ‘ধিকি ধিকি আগুন জ্বলে’, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’, ‘পাগলা ঘোড়া রে’, ‘আমি বারোমাস তোমায় ভালোবাসি’, ‘এভাবে ডেকো না’, ‘নতুন প্রেমে মন মজাইয়া’। একক গান শেষে শিল্পী খুরশীদ আলম, সৈয়দ আবদুল হাদী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীরের মতো খ্যাতিমান শিল্পীদের সঙ্গে একটি করে দ্বৈত গান পরিবেশন করে তারা।দ্বৈত পরিবেশনা শেষে মঞ্চে আসেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি জানালেন এবারের বিজয়ীদের জন্য কী কী পুরস্কার থাকছে। এ সময় মঞ্চে আসেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। দ্বিতীয় মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজের ফল ঘোষণার আগমুহূর্তে গত বছরের সেরা পাঁচ খুদে শিল্পীকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন শিল্পী আবিদা সুলতানা। তাদের নিয়ে তিনি পরিবেশন করলেন ‘হারজিত চিরদিন থাকবে’। গান শেষে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত পর্বের ফল ঘোণা করা হয়।