না চাইলেও ক্রিস্টেনের পাশে থাকতে হবে প্যাটিনসনকে!
নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্টের ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন স্টুয়ার্ট। কিন্তু প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে কিংবা কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন রবার্ট প্যাটিনসন। তার পরও কাজের তাগিদে সামনাসামনি হতে হচ্ছে তাঁদের। চুক্তির কারণেই ‘টোয়াইলাইট’ সিরিজের সর্বশেষ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে একসঙ্গে হাজির হতে হবে এ জুটিকে।বিবাহিত ও দুই সন্তানের জনক ৪১ বছর বয়সী রুপার্টের সঙ্গে ২২ বছর বয়সী স্টুয়ার্টের ঘনিষ্ঠতার কথা জানার পর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন প্যাটিনসন। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় যে বাড়িটিতে স্টুয়ার্টের সঙ্গে থাকতেন, ওই বাড়ি ছেড়ে চলে গেছেন তিনি। বন্ধুদেরও সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই প্রেমিকার সামনাসামনি হতে চান না। শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে কথা বলতে চান না বলেও জানিয়েছেন ২৬ বছর বয়সী এ অভিনেতা।এ বছরের নভেম্বরে ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন-পার্ট ২’ ছবির উদ্বোধনী প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। যেকোনো অবস্থায় সেখানে তাঁদের হাজির থাকতে বলেছেন ছবির প্রযোজকেরা। চুক্তি অনুযায়ী উদ্বোধনী প্রদর্শনীর লাল গালিচায় পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতেও বাধ্য এ তারকা জুটি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের দ্য সান জানিয়েছে, ‘স্টুয়ার্টের কীর্তির কথা জানার পর প্যাটিনসনের হূদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু ‘টোয়াইলাইট’ সিরিজের সর্বশেষ ছবির পুরো কাহিনি আবর্তিত হয়েছে এ জুটিকে ঘিরেই। কাজেই যেকোনো অবস্থায় ছবির উদ্বোধনী প্রদর্শনীতে তাঁদের একসঙ্গে হাজির হতে হবে। বিষয়টি প্যাটিনসনকে কুরে কুরে খাচ্ছে। কারণ, কাজের জন্য অনিচ্ছা সত্ত্বেও স্টুয়ার্টের সামনাসামনি হতে হবে তাঁকে।’উল্লেখ্য, ‘টোয়াইলাইট’ সিরিজের ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন স্টুয়ার্ট ও প্যাটিনসন। তিন বছর ধরে একসঙ্গে আছেন তাঁরা। গত জুনে মুক্তি পেয়েছে ‘স্নো হোয়াইট অ্যান্ড হান্টসম্যান’ ছবিটি। ছবিটিতে কাজ করতে গিয়ে এর পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে স্টুয়ার্টের। সম্প্রতি এই জুটির ঘনিষ্ঠ ছবি ফাঁস করে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা। এরপর প্রকাশ্যে ক্ষমা চান রুপার্ট ও স্টুয়ার্ট।