নাইমের স্বপ্ন ছোট নয়

‘তোরা ছিলি, তোরা আছিস আর তোরাই থাকবি...বন্ধু৷’ একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের জনপ্রিয় জিঙ্গেল এটি৷ বিজ্ঞাপনটি প্রায়ই দেখা যায় টেলিভিশনে৷ আর এই বিজ্ঞাপনে অভিনয়ের সুবাদে মডেল-অভিনেতা নাইম এখন অনেকের কাছেই পরিচিত মুখ৷ পথে-ঘাটে ছেলে-বুড়ো যাঁর সঙ্গেই দেখা হয়, ডেকে ওঠেন ‘বন্ধু’ বলে৷ ঘটনার কি এখানেই ইতি? না৷ এই বিজ্ঞাপনের কারণে তাঁকে এতবার টিভিতে দেখা যেত যে পরিচিত এক বড় ভাইয়ের কাছে তো রীতিমতো মিষ্টি একটা বকুনিই খেয়েছিলেন৷ নাইমকে উদ্দেশ করে বড় ভাইয়ের কথা, ‘তুই এসব কী শুরু করছিস? তোর জ্বালায় কি শান্তিতে টিভিও দেখতে পারব না, নাকি?’
এই পরিস্থিতি নাইমকে যে নতুন নতুন সামাল দিতে হচ্ছে, বিষয়িট এমন নয়; এর আগে একটি ঢেউটিনের বিজ্ঞাপন করেছিলেন তিনি৷ এর সুবাদে তাঁর নামই তো বদলে যেতে বসেছিল—নাইম নাম ভুলে সবাই তাঁকে তখন আইনস্টাইন ডাকতে শুরু করেছিল!
অবশ্য নাইমের কাছে বিষয়টা দারুণ উপভোগ্য! তিনি বলেন, ‘আগে একিট ব্যাপার হতো, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম, সবাই তখন আমাকে “আইনস্টাইন” বলে ডাকত৷ ব্যাপারটা এখনো আগের মতোই আছে, শুধু আইনস্টাইনের জায়গায় এখন সবাই আমায় “বন্ধু” নামে ডাকে৷’
মজার ব্যাপার হলো, এই আইনস্টাইন কিংবা বন্ধুর সমীকরণে নাইমের থাকার কথাই ছিল না৷ পুরোদস্তুর নয়টা-পাঁচটা অফিস করা একজন চাকিরজীবী হয়েই দিন পার করছিলেন তিনি৷ তবে টিভিতে ভিজে হিসেবে দায়িত্ব পালনের চাকরিই তাঁর জীবনকে আমূল বদলে দিল৷ অভিনেত্রী ঈশিতার পরিচালনায় এক নিঝুম অরণ্যে নাটকে নিজের চাকরির দায়িত্ব পালন করছিলেন নাইম৷ কিন্তু নাটকের মূল চরিত্রের অনুপস্থিতিতে হঠাৎই ঈশিতা তাঁকে প্রধান চরিত্রে অভিনয় করতে বললেন৷ হতবিহ্বল নাইম হ্যাঁ-না কিছু বলার আগেই বনে গেলেন অভিনেতা!
সেই তো শুরু৷ এরপর একের পর এক নাটক আর বিজ্ঞাপনচিত্রে অভিনয়৷ তবে নির্মাতা তানভির হাসানের মুরগি মার্কা ঢেউটিন আর গ্রামীণফোনের ‘বন্ধু’ শিরোনামের বিজ্ঞাপনচিত্রই দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে নাইমকে৷ এখন পর্যন্ত কাজ করেছেন ৭০টিরও বেশি নাটকে৷ এর মধ্যে ইশতিয়াক আহমেদের ওল্ড ভার্সেস নিউ নাটকটি তাঁর ক্যারিয়ারে যোগ করেছে ভিন্নমাত্রা৷ এ ছাড়া ২০০৯ সালে জাগো ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে বাংলা চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হলেও মুক্তির অপেক্ষায় থাকা রংধনু ছবিতে নাইম কাজ করেছেন মুখ্য চরিত্রেই৷ আর চুক্তিবদ্ধ হয়েছেন মাসুদ হাসান উজ্জ্বলের এই মুহূর্তে চলচ্চিত্রে৷
এ তো গেল নাইমের কাজকর্মের ফিরিস্তি৷ বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়ুয়া নাইম স্বপ্ন দেখেন বড় অভিনেতা হওয়ার৷ প্রথম আলো অফিসে সেদিন যখন এই অভিনেতার সঙ্গে কথা হচ্ছিল, বললেন, ‘স্বপ্নটা ছোট রাখব কেন? অনেক বড় অভিনেতা হতে চাই আমি৷’