আগামীকাল ২৮ ডিসেম্বর সারা দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রুহুল আমিন পরিচালিত চলচ্চিত্র নাইয়রী। আবদুল আউয়াল প্রযোজিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আমিন খান, ছোঁয়া, রাশেদ খান, রাভিনা বৃষ্টি, জামিলুর রহমান, আনোয়ার সিরাজী, অমল বোস, আলীরাজ প্রমুখ। গ্রামের পারিবারিক জীবনের কাহিনি অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত। মা-বাবা হারা উজ্জ্বল ও রাকিব তাদের কাজের মাধ্যমে গ্রামের মানুষের কাছে প্রিয়পাত্র হয়ে ওঠে। একই গ্রামের মাস্টারের মেয়ে পারুলী। ছোটবেলা থেকে এই পারুলীর সঙ্গে বন্ধুত্ব হয় উজ্জ্বলের, যা পরে প্রেমে রূপ নেয়। কিন্ত ঘটনাক্রমে এই গ্রামের তালুকদার পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয় পারুলীর। বিয়ের পর তার বর বিদেশে চলে যায়। এরপর আবার নতুন প্রেমে জড়িয়ে পড়ে পারুলী। হঠাৎই গল্প মোড় নেয় অন্যদিকে। এভাবেই নিত্যনতুন দ্বন্দ্ব আর ক্লাইমেক্সের মধ্য দিয়ে ছবির সমাপ্তি হয়। আনন্দ ডেস্ক