নাওমি এখন বড় গানরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শরীরের সুস্থতার জন্য যেমন ওষুধ লাগে, তেমনি সুস্থ মনের খোরাক গান।’ আড্ডার শুরুতে বড় মানুষের মতো কথাটি বললেন ক্ষুদে গানরাজ নাওমি। ২০০৯ সালের ক্ষুদে গানরাজের নাওমি এখন বড় গানরাজ। দিনে দিনে শ্রোতাদের কাছেও পরিচিতি বাড়ছে তাঁর। বসুন্ধরার সি ব্লকে তাঁদের বাসায় সংগীত নিয়ে নানা কথাবার্তায় দৃঢ়তার আভাস তাঁর কণ্ঠে, সেই কথাগুলোও যেন শোনাল গানের মতোই। এর মধ্যে হাবিব ও ইবরার টিপুর মতো হালের জনপ্রিয় সংগীতশিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে নাওমির। ইবরার টিপুর সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘তোমায় ভেবে’ ও ফয়সল রাব্বিকিনের ‘হূদয়ের গল্প’ গান দুটির মিউজিক ভিডিও এখন প্রায় সব স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হচ্ছে। নাওমি বললেন, ‘হূদয়ের গল্প গানটি ভিডিওতে আসার আগে অ্যালবামের মাধ্যমে দর্শকের পছন্দের তালিকায় এসেছে। তবে এই মুহূর্তে তোমায় ভেবে মিউজিক ভিডিওটির জন্য শ্রোতাদের কাছ থেকে বেশি সাড়া পাচ্ছি।’ ওদিকে জুলফিকার রাসেলের লেখা ‘বাংলাদেশের হূদয়’ গানটি নাওমির পরিচিতিকে আরও বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে কী বলেন তিনি?‘আমার সৌভাগ্য যে গানটি এখন দেশের যেকোনো বিশেষ দিবসে বাজানো হয়। সত্যি খুব ভালো লাগে!’ সাফল্যের পাল্লায় আরও যোগ হয়েছে হাবিবের সংগীতে তাঁর কণ্ঠে এবিসি রেডিও ও ঢাকা এফএমের থিম সং দুটিও। আর চলচ্চিত্র? এবার ঝা-চকচকে হয়ে উঠেছে তাঁর মুখ। ‘চলচ্চিত্রে গান গাওয়ার স্বপ্ন ছিল। এবার তা পূরণ হয়েছে। শিগগির আরেকটি গানে কণ্ঠ দেব।’ সাইফ চন্দনের ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল চলচ্চিত্রের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি।নাওমির মা একসময় বাংলাদেশ টেলিভিশনে গাইতেন। বড় শিল্পী হওয়ার স্বপ্নও ছিল। চাকরির ব্যস্ততায় পারেননি। মেয়ের মধ্যে নিজের সেই স্বপ্নপূরণের স্বপ্ন দেখেছেন তাঁর মা। এ জন্য মেয়েকে শাস্ত্রীয় সংগীতের ওপর তালিম দিয়েছেন। সেই পরম্পরায় ২০০৪ সালে নজরুলসংগীতের জাতীয় পর্যায়ে পুরস্কারজয়ী নাওমি। ২০০৫-২০০৯ পর্যন্ত লোকসংগীত, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে জাতীয় পর্যায়ে টানা পাঁচবার জাতীয় পুরস্কার ঘরে তুলেছেন এরপর।তারপর?‘পরে “চ্যানেল আই ক্ষুদে গানরাজ” প্রতিযোগিতায় অংশ নিই। ২০০৯ সালে প্রতিযোগিতায় আমার অবস্থান ছিল সেরা দশের মধ্যে সপ্তম। আমার কণ্ঠ শুনে বিশ্বজিৎ স্যার আমীর নেওয়াজের একটা মিক্সড অ্যালবামে গান গাওয়ার সুযোগ দিলেন। “নীল আকাশ আমার” শিরোনামে গানটি গাইলাম।’এটাই নাওমির অডিও অ্যালবামে হাতেখড়ি। পরে আর পেছনে ফিরতে হয়নি। ২০১২ সালে বাজারে আসে তাঁর প্রথম একক অ্যালবাম নাওমি। গাইতে গাইতেই তিনি হয়েছেন বড় গানরাজ। এখন পরিচিতি যেমন বেড়েছে, বেড়েছে ব্যস্ততাও।