নাওমির যোধপুর পার্টিতে বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম থেকে ভারতের যোধপুরে উড়ে এসে সুপার মডেল নাওমি ক্যাম্পবেল তাঁর প্রেমিকের জন্মদিন পালনের উত্সবে মেতেছিলেন বটে কিন্তু রাজস্থানের বেরসিক স্থানীয়জনের শান্তি ভঙ্গের অভিযোগে ও পুলিশের বাগড়ায় বিপত্তি ঘটেছে তাতে।নাওমি ক্যাম্পবেল তাঁর প্রেমিক ভ্লাদিমির ডরোনিন এর ৫০ তম জন্মদিন উপলক্ষে ভারতের রাজস্থানের যোধপুরে এক জমকালো আয়োজন করেছিলেন। এক খবরে এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার যোধপুরের মেহরানগড় দুর্গে আয়োজিত এই জাঁকালো আয়োজনে বিস্তর আতশবাজিরও ব্যবস্থা ছিল। যদিও স্থানীয় পুলিশের অনুমতি ছিল রাত দশটা পর্যন্ত এসব আতশবাজি ফোটানোর, কিন্তু নাওমির এ উত্সবের কাড়া-নাকাড়া দুন্দুভি আর আতশবাজির শব্দে স্থানীয়দের মধ্যরাতের ঘুম উবে গিয়েছিল। ঘুমের ব্যাঘাত, শান্তি ভঙ্গ ও শব্দ দূষণের অভিযোগে মুম্বাইয়ের পি কে পারেক নামের একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মকর্তা, যিনি উত্সব ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তাকে পুলিশ গ্রেফতার করে। এ প্রসঙ্গে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভূপেন্দ্র কুমার ডাক জানিয়েছেন, প্রথমে তাঁকে গ্রেফতার করা হয়েছিল, পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, স্থানীয়রা শব্দ দূষণের অভিযোগ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।ভূপেন্দ্র কুমার ডাক বলেন, রাত দশটা পর্যন্ত মেহরান গড়ে আয়োজিত এ অনুষ্ঠানে আতশবাজির অনুমতি ছিল। কিন্তু মধ্যরাত পর্যন্ত উচ্চ শব্দে সংগীত বাজানো ও আতশবাজির কারণে স্থানীয়দের শান্তি ভঙ্গ ঘটে। এদিকে উত্সবের যন্ত্রণা ভোগী কমলেশ নামের এক যোধপুরবাসী জানিয়েছেন, মধ্যরাত পর্যন্ত উচ্চ শব্দে গান-বাজনা তো ছিলই পাশাপাশি প্রচণ্ড শব্দে আতশবাজি ফুটছিল, এর বিকট শব্দ আমাদের রীতিমত মানসিক যন্ত্রণায় ফেলেছিল। সুপ্রাচীন মেহরান গড় দুর্গ নাওমির এ উত্সবের কল্যাণে হয়ে উঠেছিল তারকা ঠাসা এক জমকালো উত্সবস্থল। অনুষ্ঠানে দুইশোরও বেশি গণ্যমান্য অতিথি অংশ নিয়েছিলেন। ডায়ানা রসের মত শিল্পী ছিলেন অনুষ্ঠানে, ছিলেন ডাচেস অব ইয়র্ক সারা ফার্গুসনও।প্রসঙ্গত, রুশ ধনকুবের ডরোনিন এর সঙ্গে ৪২ বছর বয়সী সুপার মডেল নাওমি প্রেম করছেন সেই ২০০৮ সাল থেকে। প্রায়শই তাঁরা একে অপরের জন্য এ ধরনের জাঁকালো উত্সবের আয়োজন করে থাকেন। নাওমি ক্যাম্পবেলের ৪০ তম জন্মদিন উপলক্ষে ডরোনিন ফরাসি রিভিয়েরায় এমনই এক জাঁকালো উত্সবের আয়োজন করেছিলেন। উল্লেখ্য, প্রেমিক ডরোনিনের সঙ্গে মস্কোতে একত্রেই বসবাস করেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল।