নাগরিক লোক উৎসব মাটির পিঞ্জিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের দুই পাশে খড়কুটো আর বাঁশের তৈরি দুটি কুঁড়েঘর। গাছে গাছে ঝুলছে নানা রং ও আকৃতির ঘুড়ি। মঞ্চ সাজানো হয়েছে নানা রঙের কাগজের ফুল, বাঁশ-বেত ও ছন সহযোগে। শিল্পী ও আয়োজকদের পোশাকে লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি ও গামছার প্রাধান্য। পুরো আয়োজনে বাংলার গ্রামীণ আবহ পরস্ফুিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা আয়োজিত এই অনুষ্ঠানের নাম মাটির পিঞ্জিরা। দি ডেইলি স্টার পথচলার ২০তম বর্ষ উদ্যাপন করছে নানা আয়োজনের মধ্য দিয়ে। এই লোক উৎসব তারই অংশ। গতকাল শুক্রবার বিকেলে শুরু হওয়া এ উৎসবে ঢাকা, রংপুর, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, নোয়াখালীর শতাধিক শিল্পী লোকগান ও নৃত্য পরিবেশন করেন। স্বাগত বক্তব্যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘ডেইলি স্টার ২০তম বর্ষে পদার্পণ করল। পাঠকদের ভালোবাসা না পেলে এটা সম্ভব হতো না। পাঠকদের অভিনন্দন। তাঁদের কৃতজ্ঞতা জানাতেই আমাদের এই আয়োজন। আমাদের রয়েছে একটি সমৃদ্ধ সংস্কৃতি। সেই সংস্কৃতির নানা দিক আমরা বছরব্যাপী আমাদের পাঠকদের সামনে তুলে ধরব।’‘শোনেন শোনেন দেশবাসী’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে গানের পালা শুরু করেন রংপুরের সত্যেন্দ্রনাথ রায় ও তাঁর দল। তাঁরা আরও পরিবেশন করেন ‘গাড়ির ছই দেখিয়া’, ‘মোর পরান জ্বলিয়া যায়’, ‘মন মোর কান্দে রে’, ‘কন্যা তুই ভাবনা করিস কী’ প্রভৃতি গান। নাশিদ কামাল পরিবেশন করেন ‘ওই শোন কদম্বতলায় বংশী বাজায় কে’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’। প্রেমসুন্দর বৈষ্ণবের সংগীত পরিচালনায় চট্টগ্রামের অঞ্চলা শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘ও ভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান’, ‘কাষ্ঠের ওপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল’, ‘কী জ্বালা দিয়া গেলা মোরে’ প্রভৃতি গান। এরপর ইন্দ্রমোহন রাজবংশী, আকরামুল ইসলাম, মলয়কুমার গাঙ্গুলি, চন্দনা মজুমদার, সাজু আহমেদ গান গেয়ে শোনান। তাঁদের গানগুলোর মধ্যে ছিল ‘মালিক আমার ইচ্ছা বলে কিছু নাই’, ‘নেশা লাগিলো রে’, ‘মন তো বসে না গৃহকাজে সজনী গো’, ‘তিন পাগলের হইলো মেলা’ ইত্যাদি। নোয়াখালীর শিল্পী মোহাম্মদ হাশেম ও তাঁর দল পরিবেশন করে ‘আঙ্গো বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক ভাই’ ও ‘আঙ্গো উত্তুরির তারা’। এ ছাড়া চুয়াডাঙ্গার আবদুল লতিফ শাহ্, বিমল বাউল ও মিলন সাধু অনুষ্ঠানে গান গেয়ে শোনান।