
আয়োজনটা শহুরে দর্শকের জন্য। মাটির গন্ধ সব পরিবেশনায়, যেভাবে মূল গান গাওয়া হয়, সেভাবেই গাওয়া হলো। সং দেখে মনে হলো, আয়োজনটা যেন টাঙ্গাইলের কোনো পাড়াগাঁয়ের জমজমাট আসর।
শুক্রবার সন্ধ্যায় চারুকলার বকুলতলার সামনে শত শত দর্শকের উপস্থিতি। বিকেলে থেকেই তাঁরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন, কেউ কেউ ঠোঁট মেলালেন। সংযাত্রায় প্রাণ খুলে হাসাহাসি হলো। অনবদ্য এই আয়োজন ছায়ানটের।
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হকের প্রয়াণের বছর তাঁর জন্মবার্ষিকীতে আয়োজন করা হয় প্রথম লোকসংগীত উৎসবের। পরের বছর থেকে এই আয়োজনের নাম হয় ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান। ওয়াহিদুল হক তাঁর লেখা ও কর্মে বরাবরই দেশজ শিক্ষা আর সংগীতকে বেশি গুরুত্ব দিয়েছেন। বিশ্বাস করতেন, এই দুইয়ের যথাযথ পরিচয়, চর্চা ও সংরক্ষণে বাঙালি সংস্কৃতির কাঠামো মজবুত হয়ে উঠবে। তারই এক উপায় নিজের গানের শিকড়ের সঙ্গে পরিচয়। তারই একটি আয়োজন দেশঘরের গান।
দুই দিনের এই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের বিশিষ্ট গীতিকার-সুরকার ও লোকগানের শিল্পী আবদুল গফুর হালী। আয়োজন সম্পর্কে বক্তব্য দেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। ধন্যবাদ জানান সহসভাপতি সারওয়ার আলী।
উৎসবের মূল পর্বের সূচনা হয় আঞ্চলিক গানের মধ্য দিয়ে। উদ্বোধক আবদুল গফুর হালী তাঁর শিষ্য নয়ন শীলকে নিয়ে পরপর গাইলেন তাঁরই লেখা দুটি গান ‘লালনের যে জাতই ছিল’ এবং ‘কোন সাধনে তারে পাওয়া যায়’। এরপর নয়ন শীল চাটগাঁইয়া ভাষায় গাইলেন ‘ওরে সারা দুনিয়া ঘুরে চাইলাম’। শেষ করেন আবদুল গফুর হালীর লেখা মাইজভান্ডারি গান ‘ও দেখে যায় মাইজভান্ডারে হইতাছে নূরের খেলা’ পরিবেশনের মধ্য দিয়ে। এরপর চাঁপাইনবাবগঞ্জের কেরামত আলী সরকার ও তাঁর দল পরিবেশন করেন আলকাপ গান।
প্রথম দিনে আরও ছিল শহীদুল ইসলাম জটাধারী ও তাঁর দল পরিবেশন করে ঝাপান গান। এর আগে কুড়িগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন পঞ্চানন রায়। সবশেষে টাঙ্গাইলের জহের আলী ও তাঁর দল পরিবেশন করে সংযাত্রা।
আজ শনিবার উৎসবের দ্বিতীয় ও শেষ দিন।