নাগরিকের নতুন নাটক ‘ঘাসিরাম কোতয়াল’
নাগরিক নাট্যসম্প্রদায় অপেক্ষমাণ নাটকটি মঞ্চে এনেছিল গত বছর। এবার মঞ্চে আনছে নিরীক্ষাধর্মী প্রযোজনা ঘাসিরাম কোতয়াল। নাটকটি লিখেছেন বিজয় টেন্ডুলকার এবং নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার।ঘাসিরাম নামের সুবিধাভোগী একজন ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে আসে পুনা শহরে। শহরের প্রধান নানা ফারনবিসের সঙ্গে সাক্ষাৎ করে। নানার সহানুভূতি পাওয়ার জন্য ঘাসিরাম নিজের মেয়েকে ব্যবহার করে। নানার করুণায় ঘাসিরাম কোতয়াল পদবি পায় এবং ক্ষমতার অপপ্রয়োগের চেষ্টা করে। শহরের প্রধান কর্তারা নিজেদের স্বার্থে এ ধরনের অনেক কোতয়ালের জন্ম দেন, আবার নিজেদের সুবিধার জন্য তাদের অপসারণ করতে দ্বিধা করেন না। ঘাসিরামের বেলায়ও ব্যতিক্রম হয়নি। এই নিয়ে নাটকটির কাহিনি।নির্দেশনা প্রসঙ্গে পান্থ শাহরিয়ার বলেন, ‘দলের মূল ধারার প্রযোজনার ক্ষেত্রে এটি আমার প্রথম নির্দেশনা। দল আমার মধ্যে যে বোধগুলো তৈরি করে দিয়েছে, তা দিয়ে একটি নাটককে দেখার চেষ্টা করেছি। একেবারে নতুনদের নিয়ে কাজটা করছি। তাই সবাই মিলে ভালো কিছু করার স্বপ্ন দেখছি। ভয়-আনন্দ দুটোই ছিল।’২২ জন তরুণ-তরুণী অভিনয় করেছেন নাটকটিতে। ঘাসিরাম কোতয়াল চরিত্রে অভিনয় করেছেন ঝন্টু বায়েন। আলোক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস এবং সংগীত পরিচালনা করেছেন এ কে আজাদ।জানা গেছে, ৯ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির কারিগরি প্রদর্শনী হবে। পরদিন ১০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় একই মিলনায়তনে হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।