আরেকটি নতুন নাটক ঢাকায় এল। নাগরিক নাট্য সম্প্রদায় নিয়ে এল নতুন প্রযোজনা ‘নাম-গোত্রহীন’। উর্দু ভাষার নন্দিত লেখক সাদাৎ হাসান মান্টোর গল্প অবলম্বনে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ভারতের নাট্য নির্দেশক উষা গাঙ্গুলী। ‘কালি সিলোয়ার’, ‘লাইসেন্স’ ও ‘হাতাক’ শিরোনামের মান্টোর তিনটি ছোট গল্পকে এক সূত্রে গেঁথে এগিয়েছে নাটকের কাহিনি।
গতকাল সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হলো শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। নাটকটি উৎসর্গ করা হয়েছে নাট্যবন্ধু এ কে আজাদকে৷ শুরুতে তাঁর স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে নারীদের জীবনের কথা উঠে এসেছে নাটকের গল্পে৷ উপস্থাপিত হয়েছে নারীর দহন-পীড়নের নানা দৃশ্যকল্প। একই সঙ্গে যুক্ত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় ও কোণঠাসা নারী সম্প্রদায়ের নিম্ন অবস্থান। আছে দারিদ্র্য- জর্জরিত ও সীমান্তের বেড়াজালে আবদ্ধ মানুষের শিকড় উপড়ে ফেলার কষ্ট।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সারা যাকের, অপি করিম, শ্রিয়া সর্বজয়া, পান্থ শাহরিয়ার, রাজীব দে, নাজনীন নাজ, মোস্তাফিজ শাহীন, নওমী কামরুন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।