নাগিনীর জন্য মিমোর সাপুড়ে প্রশিক্ষণ!

‘বিষে বিষ ক্ষয়’ নামের একটি নাটকে এনটিভির সুপার হিরোইন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অভিনেত্রী মিমোকে দেখা যাবে নাগিনীর ভূমিকায়। এই নাটকে চরিত্রের প্রয়োজনে জলজ্যান্ত সাপ নিয়ে অভিনয় করতে হয়েছে মিমোকে। অবশ্য চরিত্রটি বাস্তবসম্মত করে তোলার জন্য শুটিংয়ের আগে সাপুড়ের কাছে প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানান মিমো। ফলে শুটিংয়ে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটেনি। অভিনেতা মীর সাব্বিরের রচিত নাটকটি পরিচালনা করেছেন জিয়া রায়হান।এ প্রসঙ্গে মিমো বলেন, ‘জাহিদ হাসান, মীর সাব্বির ও আলী রাজ—প্রত্যেকেই অনেক বড় মাপের অভিনেতা। চরিত্রটি ফুটিয়ে তুলতে সবাই আমাকে দারুণ সহযোগিতা করেছেন। বিশেষ করে, এই নাটকের চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু ভাই প্রতিনিয়ত সাহস জুগিয়েছেন। শুরুতে কিন্তু সবাই ধরে নিয়েছিলেন, জলজ্যান্ত দুটি সাপ নিয়ে কিছুতেই শুটিং করতে পারব না আমি। শেষ পর্যন্ত আমি তা করে দেখানোয় সবার চোখ ছানাবড়া। আশা করছি, নাটকের পুরোটা সময় দর্শক আনন্দ নিয়ে উপভোগ করবেন তা।’
‘বিষে বিষ ক্ষয়’ নাটকের গল্পে দেখা যাবে, অতিশয় সহজ-সরল দুই যুবক বনের মধ্যে দেখতে পায় এক নাগিনীকে। নাগমণির আশায় সে খবর দেয় সাপুড়েকে। সাপুড়ে আবার সবকিছুতেই এককাঠি সরেস। নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্যে তিনজন মিলে উঠেপড়ে লাগে নাগমণি উদ্ধারে। কিন্তু নাটকের সমাপ্তি ঘটে এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে, যদিও স্বপ্নের নাগিনী তাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।
‘বিষে বিষ ক্ষয়’ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, আলী রাজ, তোফা হাসান প্রমুখ।
ক্যাপশন ১:
ক্যাপশন ২: ‘বিষে বিষ ক্ষয়’ নাটকের দৃশ্যে (বাঁ দিক থেকে) জাহিদ হাসান, মিমো ও মীর সাব্বির