নাচ আর গানে মাতোয়ারা ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচ, গান আর নিজস্ব স্টাইল দিয়ে হাজারও মানুষকে মাতিয়ে রাখেন বলিউড তারকা শাহরুখ খান। আজ রাতে আর্মি স্টেডিয়ামে আরও একবার তার প্রমাণ মিলল। তাঁর মন হরণকরা নৃত্য, বুদ্ধিদীপ্ত কথা আর কৌতুকপূর্ণ উপস্থাপনা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছেন হাজারও দর্শক। শাহরুখ বলেছেন, ‘বঙ্গবন্ধুর এ দেশে ভারতবর্ষ থেকে শুভেচ্ছা এনেছি।’ স্মরণ করেছেন, এ দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জসীমউদদীন, রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরীর বন্যার মতো ব্যক্তিত্বকে। আজ রাত আটটার দিকে কিং খান লাইভ ইন ঢাকা শীর্ষক এই কনসার্টে ‘কাঁটা লাগা’ গানে শেফালী জরিওয়ালার পারফর্মের মধ্য দিয়ে শুরু হয় জমকালো এক অনুষ্ঠানের। এর পরই মঞ্চে আসেন আরেক বলিউড তারকা অর্জুন রামপাল। হিন্দি গানের তালে তালে হাজারও দর্শককে মাতিয়ে তুলেছেন অভিনেত্রী রানী মুখার্জি। এর পরই মঞ্চে আসেন কিং খান খ্যাত শাহরুখ খান। শুধু নৃত্য নয়, কৌতুকপূর্ণ খুনসুটিতে পুরোটা সময় শাহরুখ দর্শকদের আনন্দ দিয়েছেন। শাহরুখের পাশাপাশি অসাধারণ পারফরমেন্স করেন রানী মুখার্জি, ইশা কোপিকার, অর্জুন রামপাল, শেফালি জরিওয়ালা, সংগীতশিল্পী নিরাজ শ্রীধর, নৃত্য পরিচালক গণেশ হেজসহ অন্যরা। এক সময় মঞ্চে বেশ কয়েকজন তরুন-তরুনীকে ডেকে আনেন শাহরুখ খান। তাঁদের সঙ্গে খুনসুটি করে মাতিয়ে তোলেন জমকালো এ অনুষ্ঠানটি।আবারও বাংলাদেশে আসার প্রত্যয় ব্যক্ত করে এবং সবশেষে ‘ওম শান্তি ওম’ গানের সঙ্গে নাচ করার মধ্য দিয়ে শেষ হয় কিং খান লাইভ ইন ঢাকা।কিং খান লাইভ ইন ঢাকা শীর্ষক কনসার্টের পুরো উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস ও প্রান্তর।