নাচ, গান ও নাটকে মাতাল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শিশু একাডেমীর আয়োজনে গতকাল মঙ্গলবার শিশুদের সাংস্কৃতিক ও নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন।

দুপুর ১২টার দিকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর সমবেত ও একক কণ্ঠে দেশাত্মবোধক, রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশন করে শিশুশিল্পীরা। এর ফাঁকে ফাঁকে চলে কবিতা আবৃত্তিসহ দলীয় ও একক নৃত্য পরিবেশন। এ ছাড়া শেরপুর সদর, ঝিনাইগাতী ও নকলা উপজেলার চারটি স্কুলের শিক্ষার্থীরা উত্ত্যক্তকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে পৃথক নাটিকা পরিবেশন করে। বিকেল চারটায় উৎসব শেষ হয়।

উৎসবে সদর উপজেলার সরকারি বালিকা ও আফছার আলী আদর্শ বালিকা, নকলার নকলা পাইলট মডেল এবং ঝিনাইগাতীর অছি-আমরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশু একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্য শহিদুল ইসলাম। এতে বক্তব্য দেন শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান। বিপুলসংখ্যক শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক অনুষ্ঠান উপভোগ করেন।