নাচ ছাড়া যাঁর অস্তিত্ব নেই

নাচ বাদে জীবনে কিছুই করেননি মৌলি। নৃত্যই তাঁকে পরিচিতি দিয়েছে। তাই তিনি মনে করেন, নাচ ছাড়া তাঁর অস্তিত্ব নেই। গতকাল সোমবার বিকেলে দুই বছরের জন্য ঢাকা ছেড়েছেন জুয়েইরিয়াহ মৌলি। শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে স্নাতকোত্তর করছেন। ভর্তি হয়েছেন বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে।
ছোট্ট দুপায়ে ঘুঙুর বেঁধে গিয়েছিলেন ছায়ানটে। বেলায়েত হোসেন খানের কাছে হাতেখড়ি। পরে কল্পতরুতে শিক্ষক হিসেবে পান অমিত চৌধুরীকে। সেখান থেকেই ভরতনাট্যমে করেন ডিপ্লোমা। শিক্ষকের পাশাপাশি অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়েছেন অধ্যক্ষ লুবনা মারিয়ামের কাছ থেকে। মা-বাবার দুশ্চিন্তা ছিল, এ দেশে নাচকে পেশা হিসেবে নেওয়া কি ঠিক হবে? কিন্তু মৌলির ওপর আস্থা রেখেছেন তাঁরা। পড়া শেষ করে ফিরে এসে আরও শিখবেন এবং চর্চা চালিয়ে যাবেন মৌলি।
কিন্তু শাস্ত্রীয় নৃত্য সাধারণের কাছে তো দুর্বোধ্য! এ নিয়ে মৌলির কথা হচ্ছে, ‘আমরা শিল্পীরা যদি নাচটা ভালো করে বুঝতে পারি, তাহলে অভিব্যক্তির মাধ্যমে সাধারণ দর্শককেও বোঝাতে পারব। ভারতসহ সারা পৃথিবীতেই শাস্ত্রীয় নাচ করা হয়। শুধু তা-ই নয়, ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করে সাধারণের সামনে উপস্থাপন করা হয়, তাঁরা সানন্দে গ্রহণও করেন।’