নাচ দিয়ে নৈবেদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল ‘নৈবেদ্য’ অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল ‘নৈবেদ্য’ অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের নাম ‘নৈবেদ্য’। সহজ করে বললে এর অর্থ ‘উপহার’। কয়েক দিন ধরেই শিল্পকলা একাডেমীর মূল প্রবেশপথে বিশাল ব্যানারে অনুষ্ঠানটির পরিচিতি দেখা গেল। নৃত্যকলা ভবনের মহড়াকক্ষ থেকে শোনা গিয়েছিল অনুশীলনের নিক্বণ। এসব আয়োজন দর্শকদের মনে বেশ আগ্রহ সৃষ্টি করেছিল। গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠান শেষে দর্শকদের আনন্দমুখ জানান দিচ্ছিল, অনুষ্ঠানের শিরোনামটি যথার্থ। ভরতনাট্যম থেকে শুরু করে একেবারে আধুনিক নৃত্য দিয়ে মনে রাখার মতো একটি নৃত্যানুষ্ঠান উপহার দিল আয়োজকেরা।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (নিউইয়র্ক) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো নৃত্যানুষ্ঠান ‘নৈবেদ্য’। একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে দর্শক মন ভরে দেখল ১২টি নৃত্যের নৈবেদ্য। শিল্পকলা একাডেমীতে ঈদের ছুটির পর এটিই ছিল প্রথম জমজমাট অনুষ্ঠান।
উপস্থাপক ডালিয়া আহমেদের ঘোষণার পরই শুরু হয় একক নৃত্য ভরতনাট্যম ‘বর্ণম’। এ পরিবেশনার পরেই বক্তৃতাপর্ব। প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া বিশেষ অতিথি আমেরিকান রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী বক্তব্য দেন।
বক্তব্যের পর আবার নৃত্য পরিবেশনা। একক ভরতনাট্যম ‘জাভেরি’ উপভোগ করল দর্শক। ভরতনাট্যম নাচের ‘বর্ণম’ ও ‘জাভেরি’ দুটি পরিবেশন করেন তাসিন ফেরদৌস। অভিনয় ছন্দের কঠিন ব্যবহারে ৩৫ মিনিট দীর্ঘ ‘বর্ণম’ ও প্রিয়তমার অভিমানের প্রকাশের মাধ্যমে হলো ‘জাভেরি’। দুটি ধ্রুপদ ভরতনাট্যম নৃত্যর পাশাপাশি ১০টি সৃজনশীল নৃত্য। বিষয়ভিত্তিক সৃজনশীল নাচের মধ্যে ছিল ‘সূর্যোদয়ের দেশে’, ‘বন্ধন’, ‘তারুণ্য’, ‘দোলনচাঁপা’, ‘রিমিক্স প্রেম’, ‘মন বাওরে কান্ডারি’, ‘খোঁজ’ ইত্যাদি।
ব্যতিক্রম পরিবেশনাগুলো মধ্যে ‘বন্ধন’ নৃত্যটিতে কবিগুরুর ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’ গানটির সঙ্গে যুগল নৃত্য পরিবেশন করেন মা অ্যানি ফেরদৌস এবং তাঁর মেয়ে তাসিন ফেরদৌস। নৃত্য পরিবেশনা ‘বন্ধন’কে শিল্পীরা বুঝিয়েছেন শিল্পীর সঙ্গে দর্শকের, দেশের সঙ্গে প্রবাসী শিল্পীর, পুরোনো বন্ধুর সঙ্গে নতুন বন্ধুর, মায়ের সঙ্গে মেয়ের বন্ধনের কথা।
‘তারুণ্য’ দলীয় নৃত্যটি পরিবেশিত হয় অনুপম রায়ের গাওয়া ‘যে সমাজে আমার কোনো জায়গা নেই’-এর সঙ্গে। এ নৃত্যে শিল্পীরা খুঁজে ফিরেছেন তারুণ্যর কষ্টের বা অভিমানের জায়গা। ‘কান্ডারি’ নৃত্যে শিল্পীরা দেখিয়েছেন বিপন্ন মানবতা। এ নৃত্যে দর্শক শুনেছে ফ্র্যাংক সিনাত্রার গাওয়া ‘ওল্ডম্যান রিভার’ এবং নচিকেতার গান ‘বুড়ো সলোমান ভাসছে জাহাজে’।
১২টি পরিবেশনায় নিউইয়র্কের নৃত্যশিল্পী অ্যানি ফেরদৌস, তাসিন ফেরদৌস ও জারিন মাইশা এবং বাংলাদেশের নৃত্যশিল্পী স্নাতা, বৈশাখী, শশী, সাহেদ, তুষার, আলিফ, সজল ও রুবেল অংশগ্রহণ করেন। ভরতনাট্যম কোরিওগ্রাফি করেছেন তেজস্বিনী রাজ এবং সৃজনশীন কোরিওগ্রাফি করেছেন অ্যানি ফেরদৌস ও তাসিন ফেরদৌস।
অনুষ্ঠানের বিভিন্ন সময়ে দেশের প্রতিষ্ঠিত শিল্পীরা মঞ্চে এসে গতকালের অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।
১৯৯৩ সালে নিউইয়র্কে কয়েকজন প্রবাসী শিল্পী বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস গঠন করেন। এটি উত্তর আমেরিকায় পরিচিত একটি সাংস্কৃতিক সংগঠন।