নাচ নিয়ে ডব্লিউডিএর সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে নৃত্যবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এ সেমিনারের আয়োজন করেছে নৃত্যের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্সের (ডব্লিউডিএ) বাংলাদেশ শাখা। নৃত্যশিল্পী তামান্না রহমানের সঞ্চালনে সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শাখার সভাপতি লুবনা মারিয়াম। তিনি গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত অ্যালায়েন্সের এশিয়া অঞ্চলের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন। তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যোগাযোগ সৃষ্টি ও শিল্পীদের নৃত্য পরিবেশনার সুযোগ সম্পর্কে গুরুত্বারোপ করেন।সেমিনারের ফাঁকে দিল্লিতে অনুষ্ঠিত মাস্টার ক্লাসে অংশ নেওয়া মাহবুব হাসান, মাহবুব রেজা, মারজানা, সুদেষ্ণা, আনিকা ও মেহরাজকে সনদ দেওয়া হয়।সেমিনারে আরও প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নর্থওয়ের্স্টান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পারফর্মিং আর্টসের পিএইচডি গবেষক মঞ্জুলিকা রহমান। তাঁর প্রবন্ধের বিষয় ছিল নৃত্যকলা অধ্যয়ন ও পেশা হিসেবে গ্রহণে বর্তমান সম্ভাবনা। সেমিনারের শেষ বক্তা ছিলেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঊর্মিমালা সরকার। তিনি ‘মানব বিকাশে নৃত্যকলার ভূমিকা’ বিষয়ে কথা বলেন। শিশুর মূল্যবোধ ও শৃঙ্খলা শিক্ষায় নৃত্য কীভাবে কাজে আসতে পারে, সে বিষয়ে তিনি বক্তব্য দেন। সেমিনারে উপস্থিত ছিলেন রেজাউর রহমান, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, তাবাচ্ছুম আহমেদ, আনিসুল ইসলাম, এমি রহমান, চাঁদনী প্রমুখ।