নাচ নিয়েও ব্যস্ত ফারাহ রুমা
‘ছোটবেলা থেকেই আমি নাচের সঙ্গে যুক্ত ছিলাম। বড় হয়ে অভিনয়ে ব্যস্ততা বাড়ায় নাচের জন্য সেভাবে সময় বের করতে পারিনি। তবে এখন অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও আলাদা সময় বের করছি।’ কথাগুলো বলছিলেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল ফারাহ রুমা। তিনি আরও বলেন, ‘আমার আসলে এত দূর আসার পেছনে নাচটাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। নাচের জন্যই আমার আজকের অবস্থান। তাই নাচটাকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করাটা অনেকটা অসম্ভব।’ বর্তমানে কেউ যদি নাচের অনুষ্ঠানের প্রস্তাব নিয়ে আসেন, তাহলে নাটকের কাজ কমিয়ে দিয়ে হলেও নাচের অনুষ্ঠান করার চেষ্টা করবেন বলে জানান রুমা। ফারাহ রুমা বিভিন্ন সময়ে বিভিন্নজনের কাছে নাচ শিখেছেন। তাঁর নাচের শিক্ষকদের মধ্যে রয়েছেন কত্থক (মুনমুন আহমেদ), ভরতনাট্যম (বেলায়েত হোসেন) ও সাধারণ নৃত্য (হাসান ইমাম)। নাচের অনুষ্ঠান করলেও বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক এবং এক ঘণ্টার নাটকে ফারাহ রুমা শুটিং করছেন। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে হুমায়ুন ফরীদির তখন হেমন্ত এবং অরুণা বিশ্বাসের লড়াই। এক ঘণ্টার নাটকের মধ্যে রয়েছে চয়নিকা চৌধুরীর নির্বাচিত দুঃখকষ্ট এবং লাল গোলাপ সাদা মন, মোহাম্মদ নোমানের নোলক, সৈয়দ জামিমের কেমন আছ তুমি, শাহরিয়ার নাজিম জয়ের বৈশাখী ঝড়। সামনে শুটিং শুরু করবেন নুরুল আলম আতিক, অহিদুজ্জামান ডায়মন্ড এবং দীপঙ্কর দীপনের কয়েকটি এক ঘণ্টার নাটকে।অভিনয় ও নাচের পাশাপাশি ফারাহ রুমা উপস্থাপনার কাজটাও করেছেন নিয়মিত। গত দুই বছর ধরে তিনি আমারও গাইতে ইচ্ছে হলো শিরোনামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। দুই বছর ধরে এটি নিয়মিতভাবে এনটিভিতে প্রচারিত হচ্ছে।