নাচ নয়, গানে
তাঁরা নাচ করেন। দেশে এবং দেশের বাইরে তাঁদের পরিচয় নৃত্যশিল্পী। তবে এবার তাঁরা গান করেছেন। হ্যাঁ, তাঁরা দুজন শিবলী মহম্মদ ও নীপা। বিটিভির আনন্দমেলার জন্য গান করেছেন তাঁরা। অনুষ্ঠানটির উপস্থাপক আনজাম মাসুদ জানান, এবার ঈদের আনন্দমেলায় চমক হিসেবে এই পর্বটি রাখা হয়েছে। অনুষ্ঠানে তাঁরা একটি মৌলিক গান করেছেন।‘তোমায় দেখে ইচ্ছে করে পাড়ি দেই ডুব সাঁতারে’ শিরোনামের এই গানটি লিখেছেন আহমেদ ইউসুফ সাবের, সুর ও সংগীত পরিচালনা করেছেন শিহাব রিপন। গত সোমবার রাতে শিল্পীদের কণ্ঠ ধারণ করা হয়েছে। আজ বুধবার তাঁরা গানটির শুটিংয়ে অংশ নেবেন।গান গাওয়া প্রসঙ্গে শিবলী বললেন, ‘পরিকল্পনাটা শুনে পছন্দ হলো, তাই রাজি হয়ে গেলাম। শুধু অনুরোধ করেছিলাম, গানের সুরটা যেন একটু সহজ করা হয়, যাতে সহজেই গাইতে পারি। পরে দেখলাম, আমাদের অনুরোধ রাখা হয়েছে। আর আমাদেরও গাইতে কোনো অসুবিধা হয়নি।’