নাচ বলিয়ে ৫ এর বিজয়ী জয়-মাহি
ভারতের নাচ বিষয়ক জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে ৫’-এর পর্দা নেমেছে ২৩ মার্চ শনিবার। অনুষ্ঠানটির ৫ম মৌসুমের বিজয়ী হয়েছেন তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ। পুরস্কার হিসেবে ‘নাচ বলিয়ে’ ট্রফির পাশাপাশি তাঁরা পেয়েছেন ৫০ লাখ রুপি। ছোট পর্দার জনপ্রিয় এগারো তারকা দম্পতিদের নিয়ে গত বছরের ২৯ ডিসেম্বর যাত্রা শুরু হয়েছিল ‘নাচ বলিয়ে ৫’-এর। অনুষ্ঠানটির বিচারক ছিলেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি, নির্মাতা সাজিদ খান এবং নৃত্য নির্দেশক টেরেন্স লুইস। এবারের আসরে শুরু থেকেই দারুণ সব মঞ্চ পরিবেশনার জন্য প্রশংসিত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক জয় এবং মডেল ও অভিনেত্রী মাহি। শেষ পর্যন্ত সব প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা নাচিয়ের তকমাও পেলেন তাঁরা। এ ছাড়া এই জুটির নাচের কোরিওগ্রাফারদের দেওয়া হয়েছে ৫ লাখ রুপি। টি-সিরিজের ব্যানারে নির্মিতব্য পরবর্তী ছবিতে নৃত্য পরিচালনার সুযোগও পেয়েছেন তাঁরা। জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।গতকাল রাতে ‘নাচ বলিয়ে ৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিল্পা শেঠির মঞ্চ পরিবেশনা। এই অনুষ্ঠানের মাধ্যমে তিন বছর পর মঞ্চ পরিবেশনায় অংশ নেন শিল্পা। ‘ফেভিকল সে’, ‘চিকনি’ চামেলি’সহ কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে নেচে মঞ্চ মাতান ৪০ বছর বয়সী এ তারকা। এর আগে এক টুইটার বার্তায় শিল্পা জানিয়েছিলেন, ‘নাচ বলিয়ের সেটে আমার মঞ্চ পরিবেশনার শুটিং করছি। তিন বছরের মধ্যে এটাই আমার প্রথম মঞ্চ পরিবেশনা।’