নাচ ভোলেন না মাধুরী!
নাচে পারদর্শী বলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাধুরী দীক্ষিত। এই নিয়ে দ্বিতীয়বারের মতো নৃত্যবিষয়ক টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র বিচারকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি এ অনুষ্ঠানে মাধুরী জানিয়েছেন, কোনো নাচের মুদ্রা একবার শিখলে তা আর কখনোই ভোলেন না তিনি। নাচের ক্ষেত্রে নিজের স্মৃতিশক্তিকে হাতির সঙ্গে তুলনা করেছেন এই ‘আজা নাচলে’ তারকা।সম্প্রতি ‘ঝলক দিখলা যা ৫’-এর মঞ্চে মাধুরীর একটি গানের সঙ্গে নাচেন প্রতিযোগী রেশমি দেশাই। পরে মাধুরীকে নাচটির কিছু অংশ করে দেখানোর অনুরোধ করেন রেশমি। মাধুরী বিচারকের আসন থেকে মঞ্চে গিয়ে সেই গানের সঙ্গে নাচেন। বহু বছর পর গানটির সঙ্গে নাচলেও একটি মুদ্রাও ভুল হয়নি তাঁর। বিষয়টি অবাক করে রেশমিকে। তিনি জিজ্ঞেস করেন, মাধুরী কীভাবে নাচের প্রতিটি মুদ্রা মনে রাখেন। জবাবে মাধুরী বলেন, ‘আসলে, নাচ মনে রাখার ক্ষেত্রে আমার স্মৃতিশক্তি বেশ ভালো। একবার শিখলে আমি হুবহু সব নাচের মুদ্রা মনে রাখতে পারি। এ ক্ষেত্রে আমার স্মৃতিশক্তি অনেকটা হাতির মতো।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে। মাধুরী আরও বলেন, ‘আমি সরোজ খানের কোরিওগ্রাফিতে একাধিক গানে নেচেছি। অনেক সময় ভিন্ন ভিন্ন গানের কোরিওগ্রাফিতে একই মুদ্রা ব্যবহার করতেন তিনি। তখন তাঁকে আমি বলতাম, “এই মুদ্রা তো আগেই করেছি আমরা।” সরোজজি মজা করে বলতেন, “এত কিছু কেন মনে থাকে তোমার!”’