নাচবেন শোয়েব-সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো কোনো টিভি চ্যানেলের অনুষ্ঠানে নাচতে দেখা যাবে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও তাঁর স্বামী ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে। তারকাদের অংশগ্রহণে নাচ বিষয়ক রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’র পঞ্চম মৌসুমের প্রচার শুরু হয়েছে গত ২৯ ডিসেম্বর। বিনোদনমূলক স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার প্লাসে অনুষ্ঠানটির পরবর্তী পর্ব প্রচারিত হবে আগামী ৫ জানুয়ারি শনিবার। সেখানে অতিথি হিসেবে হাজির থাকবেন সানিয়া এবং শোয়েব। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এরমধ্যে ‘নাচ বালিয়ে ৫’ অনুষ্ঠানের পরবর্তী পর্বের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। মঞ্চ পরিবেশনাটির শুটিং শুরুর আগে খানিকটা ঘাবড়েই গিয়েছিলেন ক্রীড়াঙ্গনের আলোচিত এ তারকা দম্পতি। কিন্তু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে তাঁরা সব জড়তা ভুলে নাচে মেতে ওঠেন। নাচের সময় চমত্কার অভিব্যক্তি ও রসায়ন থেকে স্পষ্ট ফুটে উঠেছে একে অপরের প্রতি তাঁদের ভালোবাসার গভীরতা। প্রসঙ্গত, শৈশবের বন্ধু সোহরাব মির্জার সঙ্গে সানিয়ার বাগদান হয়েছিল ২০০৯ সালে। কিন্তু কিছুদিনের মাথায় তাঁদের বাগদান ভেঙে যায়। পরে ধনাঢ্য এক ব্যবসায়ীর সঙ্গে ছয় মাস অভিসারে মেতেছিলেন সানিয়া। কিন্তু জীবনসঙ্গী হিসেবে শেষ পর্যন্ত তিনি বেছে নেন শোয়েব মালিককে। ২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে করেন তাঁরা। প্রথম স্ত্রী আয়শা সিদ্দিকীকে তালাক না দিয়েই সানিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন শোয়েব। শুরুতে তিনি বিয়ের কথা অস্বীকার করলেও, পরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সানিয়াকে বিয়ে করেন। বিয়ের পর দুবাইতে বসত গাড়েন তাঁরা।